দীর্ঘদিন ক্যামেরার সামনে ফিল্মের ডায়লগ আওড়ান না সুস্মিতা। মাঝে বিয়েসহ সামাজিক নানা সত্য-মিথ্যা খবরের ভেতরেই যেন ছিলেন তিনি। অনেকে তাকে ভুলতেও বসেছিলেন। তবে এবারে সুস্মিতা বাংলা চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। জানিয়েছেন বাংলা ছবিতে কাজ করা নাকি অনেকটা বাড়ি ফেরার মতো। গত রবিবার একটি কলকাতার এক জুয়েলারি শোরুমের ইভেন্টে এসে বলেন, ‘আমার প্রথম বাংলা ছবির শুটিং নিয়ে আমি খুব উত্সাহিত। এটা আমার কাছে অনেকটা চেনা পরিসরে নিঃশ্বাস নেওয়ার মতো।’ তিনি জানান, প্রথম দিকে বাংলা ছবিতে কাজ করতে ভয় পেতেন তিনি। কিন্তু এখন আর কোনো ভয় নেই। তিনি বলেন, ‘আমি তামিল ফিল্মে কাজ করতে পারি, তেলেগু ছবিতেও কাজ করতে পারি, কিন্তু বাংলা ছবিতে কাজ করতে ভয় পেতাম। তবে এখন আর তেমন কোনো বাঁধা নেই। আমি অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করছি এবং খুব উত্সাহিত।’ ‘নির্বাক’ নামের একটি ছবিতে কাজ করছেন সুস্মিতা। ছবি পরিচালনা করছেন শ্রীজিত্ মুখার্জী। ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিতে সুস্মিতা সেন ছাড়াও যিশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীও রয়েছেন।
