জন্মদিনে ফরায়েজী

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:০৩
নিভৃতচারী এক গীতিবাউল শহীদুল্লাহ ফরায়েজী। যার গানে এখনও মাটি আর প্রকৃতি উঠে আসে বারবার। তবে দীর্ঘ সময় গান থেকে বিরতি দিয়ে আবারও তরুণ সুরকারদের সাথে কাজ করছেন তিনি। সাম্প্রতিক কাজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সর্বশেষ গান বেলাল খানের কণ্ঠে ‘তোমার কাছে হূদয়, আমার কাছে দেহ’। পরের গানটি কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘এমন পর করো তুমি, স্বপ্নেও যেন দেখা নাহি হয়।’ ‘অসম প্রেম’ সিনেমার গান ‘তুমি আমাকে শুধু আমাকেই ভালোবাসো আরও’ সুরারোপ করছেন মান্নান মোহাম্মদ। সর্বশেষ করছি আব্দুল আলিমের কন্যা নূর জাহান আলিমের অ্যালবামের কাজ। শরাব নিয়ে একটি গান লিখছি, যেটি আসিফের কণ্ঠে শোনা যাবে এবারের ঈদে।’ উল্লেখ্য, শহীদুল্লাহ ফরায়েজীর লেখা গানে বারী সিদ্দিকীর একাধিক জনপ্রিয় গান প্রতিষ্ঠা পেয়েছে। গতকাল তার জন্মদিনে একেবারে আড়ম্বরহীন ভাবে কবিতা-গানের আড্ডাতে তিনি সময় কাটালেন। গীতিকবির জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।