খালেদা জিয়া দুষ্কৃতকারীদের নেত্রী -হাছান মাহমুদ

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:১৩
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, খালেদা জিয়া তার স্বামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। একইসঙ্গে তিনি গণহত্যাকারী ও দুষ্কৃতকারীদের নেত্রী। খুনিরা তার পাশেই বসে থাকেন। সাত খুনের হোতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শফিউল আলম প্রধান, একাত্তরে গণহত্যাকারী, আফগানিস্তান ফেরত বোমা হামলাকারী ও সারাদেশে একযোগে বোমা হামলাকারীদের সাথেই তার সখ্যতা এখনো রয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। সেই সময় তাঁর সাহস ও ইস্পাত কঠিন দৃঢ় মনোবলের জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্র মুক্তি পায়। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট অভিনেত্রী তারানা হালিম এমপির সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।