নেদারল্যান্ডের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার রবিন ফন পার্সি বিশ্বকাপের পরে তিন সপ্তাহের ছুটি নিতে চেয়েছেন। ব্রাজিলে নেদারল্যান্ড দারুণ একটি টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরেছে। যদিও গতবারের রানার্স-আপদের এবার তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর ডাচদের হয়ে দারুণ একটি টুর্নামেন্ট কাটিয়েছেন ফন পার্সি। ছয় ম্যাচে এই স্ট্রাইকারের কাছ থেকে এসেছে চারটি গোল। বিশ্বকাপের পরেই ডাচ কোচ লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার কথা রয়েছে। আর ওল্ড ট্যাফোর্ডের অন্যতম সদস্য হিসেবেই ফন পার্সি মনে করছেন নতুন কোচের অধীনে অনুশীলন শুরুর আগে তার কিছুদিনের বিশ্রামের প্রয়োজন রয়েছে। এ সম্পর্কে তিনি গণমাধ্যমে বলেছেন, আমি তিন সপ্তাহের ছুটি চাই। বিশ্বকাপের পরে আমি বেশ পরিশ্রান্ত। প্রতিটি ম্যাচেই আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের সেরা খেলা উপহার দেবার। এ কারণেই আমার এখন বিশ্রামের প্রয়োজন। দলের প্রত্যেকটি খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছে।
