আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলে জন্মগ্রহণকারী ক্রোয়েশিয়ান স্ট্রাইকার এডোয়ার্ডো ডি সিলভা। দলে তাকে যেভাবে মূল্যায়ন করা হয় তাতে অসন্তুষ্ট হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এডোয়ার্ডো নিশ্চিত করেছেন। এক বিবৃবিতে এডোয়ার্ডো বলেছেন, ‘২০০৪ সাল থেকে ৬৪টি ম্যাচে আমি ক্রোয়েশিয়াকে প্রতিনিধিত্ব করেছি। ইতোমধ্যেই আমি ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে সড়ে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছি।’ তারকা স্ট্রাইকার ডেভর সুকারের পরে ২৯ গোল করে ক্রোয়েশিয়ার সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ৩১ বছর বয়সী এডোয়ার্ডো। কিন্তু অনেকটা হতাশার সুরেই তিনি বলেছেন, গত কয়েক বছর ধরেই আমি বেশ কঠিন সময় পার করেছি। এখানে এমন কিছু লোকের হাত রয়েছে যারা আনুষ্ঠানিকভাবে দলের কোন সদস্য নয়, কিন্তু দলের উপর তাদের যথেষ্ট শক্তিশালী প্রভাব রয়েছে। আমি মনে করি বিভিন্ন সময়ে আমার প্রতি বিরূপ আচরণ করা হয়েছে।
