ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি গতকাল বায়ার্ন মিউনিখের সঙ্গে অনুশীলনে ফিরে ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মান সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে রিবেরি বলেন, ‘আমি বেশ ভাল বোধ করছি এবং পুনরায় এখানে আসতে পেরে আমি আনন্দিত।’
পিঠের ইনজুরির কারণে ব্রাজিল বিশ্বকাপ মিস করতে বাধ্য হন ৩১ বছর বয়সী এ তারকা খেলোয়াড়। তবে গতকাল ব্যক্তিগত অনুশীলনে ফেরেন তিনি। খুব শিগগিরই তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বায়ার্ন মিউনিখের সাতজন নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলেরও ভুয়সি প্রশংসা করেন রিবেরি।-বাসস
