গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারের সূচক ও লেনদেনে মিশ্রভাব দেখা গেছে। দিনের শুরুতে সূচক অনেকটা ঊর্ধ্বমুখী হলেও শেষ পর্যন্ত ২ পয়েন্ট বৃদ্ধি দিয়েই দিন শেষ হয়েছে। আর লেনদেন হয়েছে আড়াইশ’ কোটি টাকা।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩ কোটি ২১ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি ২৩ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২০১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯২টির কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। এদিকে আগের দিনের মতো গতকালও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো। গতকাল বেক্সিমকো ঘিরে লেনদেন হয়েছে প্রায় ২৩ কোটি টাকার শেয়ার। এছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো শাহজিবাজার পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন এবং দ্য পেনিনসুলা চিটাগং।
এদিকে আরএকে সিরামিকসের মূল কোম্পানি দুবাইয়ের রাস আল-খাইমাহ সিরামিকসের (আরএকে) ৩০.৬ শতাংশ বা ২৫ কোটি শেয়ার কিনছে স্যামিনা লাইমস্টোন। ইউনাইটেড আরব আমিরাতের (ইউএই) নীতি নির্ধারকরা স্যামিনা লাইমস্টোন কর্তৃক আরএকের শেয়ার কেনার বিষয়টি অনুমোদন দিয়েছে। স্যামিনা লাইমস্টোনের মূল প্রতিষ্ঠান স্যামিনা ক্যাপিটাল। সংবাদ মাধ্যম এমিরেটস টুয়েন্টিফোর বিজনেস সূত্রে এ তথ্য জানা গেছে।
