দীর্ঘদিন পর একসাথে অভিনয় করলেন আফজাল হোসেন ও বিপাশা হায়াত। নির্মাতারাও ভিন্ন চমক দিতেই যেন দীর্ঘবিরতির তারকাদেরই খুঁজতে থাকেন। ১৫ বছর পর আবার একসঙ্গে অভিনয় করলেন আফজাল হোসেন ও বিপাশা হায়াত। ‘তবু নক্ষত্র জাগে’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের। এতে চিত্রশিল্পী আনিস মাহমুদ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। আর বিপাশা হায়াতের চরিত্রের নাম টিনা। গল্পে দেখা যাবে, যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে ফিরেছেন টিনা। এক পর্যায়ে চিত্রশিল্পী আনিস মাহমুদের সঙ্গে তার পরিচয় হয়। তিনি বিবাহিত। টিনার সঙ্গে সাক্ষাতের পর আনিস মাহমুদের সংসারের আদল পাল্টে যেতে থাকে।
আরিফ খানের পরিচালনায় গত ১৬ জুলাই নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি লিখেছেনও বিপাশা হায়াত। এতে আরও অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি। আসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে নাটকটি।
