আমাদের দেশে ঈদকে কেন্দ্র করে গড়ে ওঠে সবচেয়ে বড় কেনাকাটার আসর। তবে ঈদের আমেজ শুধুমাত্র কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নেই। এর বিস্তৃতি ঘটেছে অনেকদূর। ঈদকে কেন্দ্র করে পরিকল্পনা হয়ে থাকে নানা ধরনের পার্টি, বিয়ে, ভ্রমণসহ বিভিন্ন উত্সব আয়োজনের। কী ট্রেন্ড চলছে, কোন ধরনের পোশাক পছন্দ করবেন—সুফিয়ানা, ওয়েস্টার্ন, রেগুলার নাকি এক্সক্লুসিভ। আর জুয়েলারিই বা কী হবে। এসব বিষয় জানতে এবং জানাতে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন ‘সেলিব্রেশন উইথ ঈদ ফ্যাশন’। ৫টি থিমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এগুলো হলো সুফিয়ানা, ওয়েস্টার্ন, রেগুলার, এক্সক্লুসিভ এবং জুয়েলারি। দেশের ২৪ জন স্বনামধন্য মডেল ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন। শো স্টপার হিসেবে ছিলেন লাক্স তারকা মুনমুন, বুলবুল, টুম্পা এবং অভিনেতা ও মডেল অপূর্ব। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন শিল্পী নির্ঝর। এছাড়া রয়েছে সেলিব্রেটিদের ঈদ প্রস্তুতি নিয়ে সাক্ষাত্কার। জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল নুসরাত ফারিয়ার উপস্থাপনা এবং কুইন রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১৯ জুলাই শনিবার রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।
