শিশুকে গলাকেটে হত্যা

আপডেট : ২৯ মে ২০১৯, ২৩:১৪

রাজশাহীর পুঠিয়ায় নাটোরের সাত বছরের এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ বাবাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম রিফাত হোসেন (৭)। তার সৎ বাবার নাম মোহাম্মদ আলী।

তার বাড়ি নাটোরের একডালা এলাকায়। পারিবারিক কলহের জের ধরে রিফাতকে নেইল কাটার চাকু দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী আগে হিন্দু ছিলেন। গত একবছর আগে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং সাত মাস আগে তিনি বুলবুলি নামের এক নারীকে বিয়ে করেন। বুলবুলি খাতুনের প্রথম স্বামীর সন্তান রিফাত। প্রথম স্বামীকে তালাক দিয়ে নব মুসলিম মোহাম্মদ আলীকে বিয়ে করেন বুলবুলি।

ঘাতক মোহাম্মদ আলী পুলিশকে জানায়, তার স্ত্রী বুলবুলি নতুন করে সন্তান নিতে না চাওয়ায় সৎ সন্তান রিফাতকে সে হত্যা করে। হত্যার আগে রিফাতকে তরমুজ কিনে দেয়ার নাম করে নাটোরে শহরের বিভিন্ন এলাকা ঘুরানো হয়। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার সেনবাগ এলাকায় রিফাতকে এনে চাকু দিয়ে গলাকেটে হত্যা করা হয়। এরপর বাসায় চলে যান মোহাম্মদ আলী। তবে বাসায় গিয়ে পরিবারের লোকজন রিফাতের কথা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

এমনকি রিফাতকে তিনি দেখেননি বলে দাবি করেন। তবে শেষ পর্যন্ত রিফাত সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে দাবি করে। সেই সূত্র ধরে নাটর থানা পুলিশ পুুুুঠিয়া থানায় খবর দেয়।

পুঠিয়া থানার ওসি শাকিল আহমেদ জানান, পুঠিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিফাতের লাশ উদ্ধার করে। পরে ঘাতক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বুলবুলি বাদি হয়ে মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছেন।

ইত্তেফাক/আরকেজি