ব্রাজিলিয়ান ফুটবলে যে আমূল পরিবর্তন আসছে বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে বিধ্বস্ত হবার পরেই পাওয়া গিয়েছিল সেই ইঙ্গিত। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রধানের পদে পরিবর্তন এবং কোচের পদ থেকে লুইস ফেলিপে স্কলারিকে অপসারণের মাধ্যমে সেই পথে প্রথম পদক্ষেপ দুটি সূচিত হয়। আরো কোন বড় পরিবর্তন হচ্ছে কিনা সেটা হয়তো জানা যাবে আজই। কারণ, নতুন কোচ খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হচ্ছে আজই। তবে, যাই করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবলের প্রধান নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা না আসছে ততক্ষণে ব্রাজিলিয়ান ফুটবলের উন্নতি সম্ভব নয় বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন রোমারিও। পাশাপাশি, নতুন প্রধান ডেল নেরোর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক কিংবদন্তী ফুটবলার এবং বর্তমান রাজনীতিবিদ।
জাতীয় দলের কোচ হিসাবে প্রথম দফায় স্কলারির সাফল্য ছিল ঈর্ষণীয়। রোনালদো, রিভালদো, রোনালদিনহোকে সাথে নিয়ে ব্রাজিলকে পঞ্চমবারের মতো বিশ্বকাপ এনে দেন তিনি। ফলে নিতান্ত সাধারণ এক কোচ থেকে ব্রাজিলিয়ান ফুটবলে রীতিমতো কিংবদন্তীর পর্যায়ে চলে যান স্কলারি।
এবার যেন ঠিক তার বিপরীত দিকটাই দেখতে হলো চেলসি এবং পর্তুগালের সাবেক এই কোচকে। জার্মানির কাছে সাত গোলের পরাজয়টি ছিল ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। পাশাপাশি বিশ্বকাপ সেমিফাইনালে সবচেয়ে বড় পরাজয়ও। ফলাফল হিসাবে সহকারীসহ সিবিএফের কাছে পদত্যাগপত্র দেন স্কলারি। গত সোমবারই সেটা গ্রহণ করে সিবিএফ। এদিকে, এবছরের শেষ দিকে মার্কো পোলো ডেল নেরোর কাছে দায়িত্ব হস্তান্তর করে সিবিএফ প্রধানের পদ ছাড়ছেন হোসে মারিয়া মারিন।
অবশ্য তার আগেই হয়তো নতুন কোচ পেতে যাচ্ছে ব্রাজিল দল। ব্রাজিলিয়দের মধ্যে সেই পদে এগিয়ে আছেন করিন্থিয়াসের সাবেক কোচ টিটে এবং মুরসি রামালহো। অভিজ্ঞতার পাশাপাশি ঘরোয়া ফুটবলে দু’জনের সাফল্যও কম নয়। যদি তাদের কেউ নির্বাচিত হন সেক্ষেত্রে আগামী বছর চিলিতে কোপা আমেরিকার পরবর্তী আসরটি হবে তাদের প্রথম পরীক্ষা।
তবে পদ্ধতির গোড়ায় গলদ থাকলে কিছুতেই কিছু হবে না বলে মনে করছেন রোমারিও। গত কয়েক বছর ধরেই ব্রাজিলিয়ান ফুটবলের নানা দিক নিয়ে ’৯৪ বিশ্বকাপ জয়ের এই নায়ক বলেছেন, ‘এমন কল্পনাপ্রসূত এবং হাস্যকর নিয়োগ প্রক্রিয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ব্রাজিলিয়ান ফুটবল এমন কারো দ্বারা পরিচালিত হওয়া উচিত নয় যারা এরই মধ্যে নিজেদের যোগ্যতাহীনতার প্রমাণ দিয়েছে। যাতে প্রচুর অর্থের অপচয় হয়েছে কিন্তু আমাদের ফুটবলের কোন উন্নতি হয়নি।’
ডেল নেরোর সমালোচনা করে ব্রাজিলকে ২৪ বছর পর বিশ্বকাপ এনে দেয়া রোমারিও আরো বলেন, ‘মার্কো পোলো ডেল নিরো আগামী চার বছরের জন্য ফুটবলের দায়িত্ব পেতে যাচ্ছেন। আপনি কি মনে করেন তিনি এর যোগ্য? আমি নিশ্চিত তিনি নন।’
বেলো হরিজোন্তের ঐ সেমিফাইনাল হারের পেছনে ফেডারেশনের দায়ভারই বেশি জানিয়ে তিনি আরো বলেন, তারা আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবার কোন যোগ্যতাই রাখে না। এমন চলতে থাকলে ব্রাজিলিয়ান ফুটবলের কোন উন্নতিই আশা করা যায় না। ওয়েবসাইট/এএফপি
