১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় আসর বসবে এশিয়ান গেমসের। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই আসর থেকে ফেরার পর মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের জমজমাট আসর সুপার কাপ। গতকাল বাফুফে সভায় এশিয়ান গেমসে অংশ নেয়া নিয়েই আলোচনা হল।
নির্বাহী কমিটির জরুরি সভা শেষে এই তথ্য জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদী। তিনি অবশ্য নিশ্চিত করে বলতে পারলেন না ঠিক কবে শুরু হবে সুপার কাপ, ‘দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দল অংশ গ্রহণ করবে। এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় দল অংশ নেয়ায় আমাদের সুপার কাপটা এশিয়ান গেমসের পরে অনুষ্ঠিত হবে। কোরিয়া থেকে জাতীয় দলের খেলোয়াড়রা দেশে ফিরলে তারপর সুপার কাপ হবে। সুপার কাপ ফুটবল কবে মাঠে গড়াবে তা এখনও ঠিক হয়নি। জাতীয় দল দেশে ফিরলে সময়টা জানিয়ে দেয়া হবে।’
ঘরোয়া ফুটবলের অন্যান্য টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়ম থাকলেও কোটি টাকার সুপার কাপে কোন বিদেশি খেলোয়াড় খেলাতে পারে না ক্লাবগুলো। সুপার কাপে ক্লাবগুলোর একমাত্র ভরসা জাতীয় দলের তারকা খেলোয়াড়। এজন্য জাতীয় দলের খেলোয়াড় ছাড়া সুপার কাপ খেলতে রাজি নয় ক্লাবগুলো। ক্লাবের কথা চিন্তা করেই এশিয়ান গেমসের পর সুপার কাপ হবে। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, ‘এমনিতেই সুপার কাপে কোন বিদেশি ফুটবলারকে খেলানোর নিয়ম নেই। তাছাড়া জাতীয় দলের খেলোয়াড় ছাড়া ক্লাবগুলো সুপার কাপে খেলতে আগ্রহ দেখাচ্ছে না। তাই জাতীয় দল দেশে ফিরলে সুপার কাপ মাঠে গড়াবে।’
আগের আসরে সুপার কাপে ৮টি দল খেলেছিলো। কিন্তু এবার ছয়টি দল খেলবে বলেও জানালেন বাফুফের সহসভাপতি, ‘এবার সুপার কাপে সেরা ছয়টি দল অংশ নিবে। যেখানে গতবার ৮টি টিম খেলেছিল। ছয়টি দল হওয়ার কারণ টপ সিক্সের ব্যাপার এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে রেলিগেশন সিস্টেম থাকায় আটটি দল খেলতে পারবে না। আগামী সপ্তাহে আমাদের আরেকটি মিটিং আছে। সেখানে লিগের ব্যাপারে চূড়ান্ত আলোচনা হবে। এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ অক্টোবরে করা হবে। হতে পারে আগে সুপার কাপ তার পর গোল্ডকাপ হবে। ঘরোয়া ফুটবল যেগুলো আছে সেগুলো আগের মতোই চলবে।’
এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের নতুন ম্যানেজার নিয়োগ দিয়েছে বাফুফে। আমিনুল ইসলাম বাবুর এই নিয়োগ প্রসঙ্গে সালাম মুর্শেদী বললেন, ‘এশিয়ান গেমসের জন্য ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় আমিনুল ইসলাম বাবুকে। সে একজন লাকি ম্যান। তার অধীনে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন শিপ এবং ২০১০ সালে এস এ গেমসে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা আশা করবো এবারো তার অধীনে বাংলাদেশ দল ভালো করবে।’
