হারে শুরু সুয়ারেজবিহীন রেডসদের

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:৪৩
পরাজয় দিয়ে শুরু হলো লুইজ সুয়ারেজ বিহীন লিভারপুলের যাত্রা। তবে এটা কোন প্রতিযোগিতামূলক খেলা ছিল না। ক্লাবের মৌসুম পূর্ব প্রীতি ম্যাচে বুধবার ডেনমার্কের দল ব্রন্ডলির কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে অল রেডসরা। ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ক্রিস্টিয়ান নেগ্রেদো ফ্রি-কিক থেকে গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইডিশ উইঙ্গার ক্রিস্টোফার পিটারসনের গোলে সমতায় ফেরে লিভারপুল। কিন্তু ইনজুরি টাইমে ফারহান হাসানি গোল করে স্বাগতিক দলের জয় নিশ্চিত করেন। ৯৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেয়া সুয়ারেজ বিহীন দলের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর লিভারপুল কোচ ব্রেন্ডান রজার্স ১৬ আগস্ট শুরু হতে যাওয়া প্রিমিয়ার লীগের নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মনোনিবেশ করাকেই প্রাধান্য দিচ্ছেন। রজার্স বলেন, ‘আমরা জানি এবছর লীগ হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক। প্রতিটি দলই শক্তিশালী হবে এবং এ রকমই কঠিন হবে। তবে আমাদের দলের সুন্দর দিক হচ্ছে দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে এবং যারা সত্যিকারের ক্ষুধার্ত এমন আরো তরুণ খেলোয়াড় আমরা দলে আনছি। আমরা উন্নতি করতে করতে চাই এবং উন্নতি অব্যাহত রাখতে চাই।’ বাসস