সবচেয়ে ধনী রিয়ালই

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:৪৪
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে সদ্য সাবেক হওয়া বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সমর্থকদের হতাশ করেছে। কিন্তু ক্লাব পর্যায়ে এখনো বিশ্ব জুড়ে তাদের দাপট অব্যাহত রয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় বারের মত বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের তালিকায় শীর্ষ দুটি স্থান দখল করে নিয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী ৩৪৪ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদের অধিকারী রিয়ালই বিশ্বের সবচেয়ে ধনী স্পোর্টস ক্লাব যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত বিশ্ব সেরা খেলোয়াড় খেলে থাকেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসি, নেইমারদের বার্সেলোনা। কাতালানদের সম্পদের পরিমাণ ৩২০ কোটি ডলার। আর বাজে একটি মৌসুম কাটানো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ২৮১ কোটি ডলার নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এই তালিকায় শীর্ষ দশটি ক্লাবের মধ্যে এই তিনটি ছাড়াও একমাত্র ফুটবল ক্লাব হিসেবে জায়গা কর নিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ১৮৫ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ নিয়ে তারা রয়েছে সপ্তম স্থানে। শীর্ষ দশের বাকি ক্লাবগুলো বেশিরভাগই মেজর লীগ বেসবল এবং ন্যাশনাল ফুটবল লীগের। সম্পদ অনুযায়ী শীর্ষ দশ ধনী ক্লাব : রিয়াল মাদ্রিদ (৩৪৪ কোটি ডলার), বার্সেলোনা (৩২০ কোটি ডলার), ম্যানচেস্টার ইউনাইটেড (২৮১ কোটি ডলার), নিউইয়র্ক ইয়াঙ্কিস (২৫০ কোটি ডলার), ড্যালাস কাউবয়েস (২৩০ কোটি ডলার), লস এ্যাঞ্জেলস ডগার্স (২০০ কোটি ডলার), বায়ার্ন মিউনিখ (১৮৫ কোটি ডলার), নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস (১৮০ কোটি ডলার), ওয়াশিংটন রেডস্কিনস (১৭০ কোটি ডলার), নিউইয়র্ক জায়ান্টস (১৫৫ কোটি ডলার)। বাসস