ডুমিনির সেঞ্চুরিতে প্রোটিয়াদের বড় সংগ্রহ

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:৪৪
আট নম্বরে ব্যাট করতে নামা জেপি ডুমিনির অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ৪৫৫ রান নিয়ে গলে টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংস ঘোষণা করেছে অতিথি দল দক্ষিণ আফ্রিকা। জবাবে বিনা উইকেটে ৩০ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি টেস্টে আগের দিন বুধবার ৫ উইকেট হারিয়ে ২৬৮ রান নিয়ে গতকাল প্রথম ইনিংসের আবারও ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন চারটি উইকেট হারানোর আগে দলটির স্কোর বোর্ডে জমা পড়ে আরো ১৮৭ রান। সকালে প্রোটিয়াদের স্কোরে ২২ রান জমা পড়তেই সুরেঙ্গা লাকমলের বলে উইকেট ছাড়া হন ডেল স্টেইন। আগের দিন ১৭ রানে অপরাজিত থাকা ডি কক গতকাল অর্ধশতক (৫১) পূর্ণ করার পর পরই দিলরুয়ান পেরেরার বলে জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়ে উইকেট ছাড়া হন। অতিথিদের রান তখন ৭ উইকেটে ৩১৪। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুস এবং পেরেরার বলে উইকেট ছাড়া হন ভেরনন ফিল্যান্ডার ও মরনে মরকেল। সাজ ঘরে ফেরার আগে ফিল্যান্ডার ২৭ এবং মরকেল ২২ রান করেন। উইকেটে অক্ষত থাকেন ডুমিনি। তার সেঞ্চুরি পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ২০৬ বলে গড়া ডুমিনির শত রানের ইনিংসটিতে কোনো ছক্কার মার না থাকলেও ১০টি চারের মার রয়েছে। টেস্ট ক্রিকেটে এটি তার তৃতীয় সেঞ্চুরি। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ১৬২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন স্পিনার দিলরুয়ান পেরেরা। ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন পেসার সুরেঙ্গা লাকমল। একটি করে উইকেট লাভ করেন রঙ্গনা হেরাথ ও অ্যাঞ্জেলো ম্যাথুস। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান নিয়ে দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। ৮ রান নিয়ে অপরাজিত ছিলেন কুশল সিলভা এবং ২০ রান নিয়ে অপরাজিত ছিলেন।