মাথা উঁচু করেই বিদায় নিতে চান জয়াবর্ধনে

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:৪৪
আগামী মাসে লংগার ভার্সন থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়া শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে বলেছেন, টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেয়াটা সত্যিকার অর্থেই কঠিন ছিল। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট থেকে অবসর নেবেন বলে সোমবার ঘোষণা দিয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক জয়াবর্ধনে। নিজের ফেসবুকে জয়াবর্ধনে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত সত্যিই খুব কঠিন ছিল। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরই সঠিক সময়। খেলোয়াড়ি জীবনে এ পর্যন্ত খুব ভাল কেটেছে এবং ভাল অবস্থায়ই আমি বিদায় নিতে চাই।’ ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেয়ার ইচ্ছে ব্যক্ত করেন ৩৭ বছর বয়সী এ তারকা খেলোয়াড়। ২০১৫ ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিলান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জানান তিনি। এ বছরের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ভার্সন থেকে অবসর নেন ১৪৫ টেস্ট ও ৪২০ টি ওয়ানডে খেলা অভিজ্ঞ জয়াবর্ধনে। জয়াবর্ধনে আরো বলেন, ‘আগামী বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের জন্য আমাকে পাওয়া যাবে বলে আমি নির্বাচকদের জানিয়ে দিয়েছি। তারপর আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেব। দেশের জন্য এত দীর্ঘ সময় খেলাটা অবিশ্বাস্য একটা সম্মানের বিষয় এবং অনেক বিশেষ স্মৃতি নিয়েই আমি বিদায় নেব। বছরের পর বছর যারা আমাকে সাহায্য ও সমর্থন যুগিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমার স্ত্রী ক্রিস্টিনা এবং আমার মা-বাবাকে। একইভাবে আমার পরিবারের বাকি সদস্য, আমার বন্ধু-বান্ধব, সতীর্থ খেলোয়াড়, গণমাধ্যম এবং আমাদের সমর্থক ও ভক্তদেরও ধন্যবাদ। আশা করছি সামনে আরো কিছু বিশেষ স্মৃতি অর্জন করতে পারব এবং সত্যিই চলমান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজটির দিকে আমি তাকিয়ে আছি।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট গলেতে ১৬ জুলাই শুরু হয়েছে।-বাসস