ঈদেও অডিও বাজার

শিল্পীরা ব্যস্ত টিভির টকশো, গেমশো বা রান্নার অনুষ্ঠানে!

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২০:৪৪
ঈদের এই মন্দা বাজারে যখন শ্রোতারা সিডি কিনতে ভুলেই গেছেন, তখন শিল্পীরা নিজেদের বিকল্প পথে অ্যালবাম প্রকাশ করার কথা ভাবছেন। সেই যাত্রায় এবারে বেশ ক’জন প্রতিথযশা শিল্পী তাদের সলো অ্যালবাম প্রকাশ করছেন। এর ভেতরে একেবারে ব্যতিক্রমী পথে হাঁটছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তিনি এবারই প্রথম নিজের প্রযোজনা ও লেবেল কোম্পানি থেকে অ্যালবাম প্রকাশ করছেন। ‘আমারে ছুঁইয়াছিলে’ নামের এই অ্যালবামটি তৈরি করছেন তিনি নজরুল গীতি নিয়ে। এছাড়া এর বাইরে বাপ্পা মজুমদার জিরোনা নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রকাশ করলেন তার নতুন একক অ্যালবাম। এছাড়া ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন তার ৫০তম একক অ্যালবাম নিয়ে আসছেন এবারের ঈদে। নতুন অ্যালবাম নিয়ে প্রকাশকদের ভাবনা— যতটা লগ্নি ছাড়া অ্যালবাম বের করা যায়। সেই পাঁয়তারাই চলছে। লেজার ভিশন, সিডি চয়েজ, সঙ্গীতা থেকে শুরু করে এই সময়ের সকল ব্যস্ত প্রকাশকরাই শিল্পীদের টাকা না দিয়েই অ্যালবাম প্রকাশের ব্যবস্থা নিয়েছেন। তাই অধিকাংশ শিল্পীরা তাদের অ্যালবাম প্রকাশের চাইতে প্রায় তিন ডজন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেই উদগ্রীব হয়ে আছেন। ঈদের খসড়া জানতে চাইলে দেখা যায়, যার ক্যারিয়ারের বয়স ১ বছর তিনিও ৭ থেকে ৮টি চ্যানেলে বিভিন্ন গোছের অনুষ্ঠান করছেন। নিজের অ্যালবাম বের হোক বা না হোক চ্যানেলে তার মুখ দেখানো চাই-ই চাই। কোনো চ্যানেলে গেমশো, কোনোটায় টকশো আবার কোনোটায় রান্না দেখাতে ব্যস্ত তারা। ঈদের ভিন্ন ব্যস্ততায় আর তেমন কোনো আগ্রহ নেই শিল্পীদের। প্রথিতযশা শিল্পীরা হয়তো কেউ কেউ নিজের গানের টানে, প্রাণের নেশায় অ্যালবাম করছেন। কিন্তু জুনিয়র বা ভুঁইফোড় শিল্পীদের মনোভাব একেবারেই ভিন্ন। একটি মিউজিক ভিডিও নিয়ে সব চ্যানেলে প্রচার পাওয়া যায় তাই ঈদের অনুষ্ঠানে মুখ দেখাতেই ব্যস্ত তারা। এর ভেতরে একঝাঁক শিল্পী অনেকটা গান ছেড়ে টিভি নাটকে ব্যস্ত হয়ে পড়ছেন। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা নিজের টাকায় অ্যালবাম প্রকাশ করতে চান, তাদের সাদর আমন্ত্রণ জানিয়ে অ্যালবাম প্রকাশ করছেন। পাশাপাশি জি-সিরিজ এখন ভিন্ন খাতে গানের আয়ের উত্স পাওয়ায় একেবারে থেমে গেছে তাদের নতুন অ্যালবামের প্রকাশ ও প্রচারণার আগ্রহ। জি টেক নামের একটি প্রতিষ্ঠান ও অনলাইন রেডিওর মারপ্যাঁচে শ্রোতারা আটকে গেলেও জি-সিরিজ অনায়াসেই মাস শেষে লাখ লাখ টাকা আয় করে। অথচ শিল্পীরা এলেই মুখ শুকিয়ে হতাশার কথা শোনায় প্রকাশক। এই অবস্থায় শিল্পীরা নিজেই নিজের লেবেল কোম্পানি থেকে অ্যালবাম প্রকাশের কথা ভাবছেন। আর যাদের গানের প্রেম নেই তারা কোনোমতে মুখ দেখানোর জন্য তৈরি করছেন মিউজিক ভিডিও। এবারের ঈদে তাই শিল্পীদের গানের মঞ্চের চেয়ে দেখা যাবে টিভি টকশো আর গেম শোর মঞ্চে। এছাড়া যে আর কোনো ভালো উপায়ও নেই!