ঈদে একাধিক নাটকে জামিল

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২০:৪৫
ঈদে প্রায় রমরমাভাবেই পর্দায় উপস্থিত হচ্ছেন মীরাক্কেল জামিল হোসেন। ঈদে তিনটি একক নাটক ও বিভিন্ন টিভি অনুষ্ঠানে জামিলকে দেখতে পাবেন দর্শকরা। একক নাটকগুলো হচ্ছে মাহফুজ আহমেদের ‘হ্যালো বাংলাদেশ’, টিয়ার ‘সুন্দরী বউ’, প্রিন্সের ‘হাউ ফানি’। এসএ টিভিতে ঈদের পরদিন প্রচার হবে ভ্রমণ বিষয়ক কৌতুক অনুষ্ঠান। এছাড়া হানিফ সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেখা যাবে জামিলকে। ঈদের কাজ প্রসঙ্গে জামিল বলেন, ‘এবার ঈদে যে কয়টি কাজ করেছি এর মধ্যে মাহফুজ আহমেদের নাটক ও হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি আমার কাছে উল্লেখযোগ্য। দুই গুণী মানুষের সাথে কাজ করতে পারলাম। অন্যরকম এক অভিজ্ঞতা যোগ হলো।’ ছোটপর্দা ছাড়াও ঈদের পরপরই বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন জামিল। মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী মাসেই শুরু হতে যাচ্ছে মীরাক্কেলের অষ্টম সিজন। আর প্রতিবারের মতো এবারও মীরাক্কেলের মঞ্চে দেখা যাবে জামিলকে। জামিল জানান ঢাকার কাজগুলো গুছিয়ে এনেই মীরাক্কেলে যোগ দেবেন তিনি। জামিল ঈদের নাটক ছাড়াও বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে শুটিং করছেন। নতুন আরও কয়েকটি ছবিতেও চুক্তি স্বাক্ষরের কথা চলছে তার।