ত্রিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এবছর অনুষ্ঠেয় মালাবার নৌ-মহড়ায় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অংশ নেবে জাপান। ঐতিহাসিকভাবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মালাবার মহড়ায় অংশ নিলেও এবারই প্রথম জাপান এতে যোগ দিতে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।
ভারতের সংসদীয় শুনানিতে দক্ষিণ ও দক্ষিণ এশিয়া সেনাবাহিনীর সমুদ্র অধিকার বিষয়ক উপ সহকারী সচিব আইন প্রণেতাদের কাছে বলেন, এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় মালবার নৌ-মহড়াতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অংশ নেবে জাপান।
এদিকে সিনেটর জন ম্যাককেইনের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেন, মালাবার নৌ-মহড়ায় জাপান অংশ নিলে তিন দেশের মধ্যে শক্তিশালী ত্রিপাক্ষিক অংশীদারিত্ব তৈরি হবে। শুধু জ্ঞানগত কিংবা গবেষণাগত ক্ষেত্রেই আমাদের মধ্যে সহযোগিতার পরিমাণ বাড়েনি বরং আমরা আশা করি এর মধ্যে দিয়ে ব্যাপক সহযোগিতার দ্বার উন্মোচিত হবে। ত্রিপাক্ষিক এই মহড়ার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে বের করা হবে। দক্ষিণ এশিয়া বিষয়ে ভারতের সাথে আরো ঘন ঘন বৈঠক ও আলোচনা করবো আমরা। দক্ষিণ এশিয়া ভিত্তিক আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে আমরা বেশ আন্তরিক।
ওয়াশিংটন ভিত্তিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো লিসা কারটিজ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপানের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। দ্রুত ক্রমবর্ধমান চীনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত গত কয়েক বছর ধরে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের সাথে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে।
জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়ে চীন নিয়ে উদ্বিগ্ন হওয়ায় আশা করা হচ্ছে মোদী সরকারের আমলে দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে।
