মামলার কারণে সড়ক ও জনপথ বিভাগের অধীনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া ১১ কি.মি. রাস্তা নির্মাণের ৯১ কোটি টাকার প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। কাজ বন্ধ থাকায় যোগাযোগের ক্ষেত্রে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। টাঙ্গাইল, মানিকগঞ্জ এবং ঢাকা জেলার সঙ্গে সরাসরি যোগাযোগের সহজ রাস্তা
মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া রাস্তা। কিন্তু দেশ স্বাধীনতার ৪৩ বছরেও জনগুরুত্বপূর্ণ এই রাস্তার কোন উন্নয়ন হয়নি। ফলে শিক্ষা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন থেকে মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলবাসী বঞ্চিত। মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের ভাদগ্রাম, ওয়ার্শি, আনাইতারা, ভাওড়া ও বহুরিয়া ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জেলা রাজধানী ঢাকা ও মানিকগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়ক ও জনপথ বিভাগের অধীনে এই সড়কটি পাকাকরণের। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ জানান, পূর্বে প্রকল্পের ব্যয় ছিল ৫২ কোটি টাকা।
নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় এখন বেড়ে দাঁড়িয়েছে ৯১ কোটি টাকা। এছাড়া আগে জমির মালিকদের ক্ষতিপূরণের টাকার পরিমাণ ছিল ৫ কোটি টাকা। জমির দাম বেড়ে যাওয়ায় বর্তমানে এই টাকা দাঁড়িয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। যোগাযোগ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় টাকা ছাড়করণে বিলম্ব হওয়ায় জমির মালিকদের টাকা পেতে দেরি হচ্ছে।
