রাজনীতিক, কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টি-জেপি শুক্রবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারের আগে অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে তাদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, জাসদের (ইনু) শিরিন আক্তার এমপি, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সল ও মহাসচিব মুন্সী আব্দুল লতিফ, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি অধ্যাপক এমএ মান্নান প্রমুখ এই ইফতারে অংশ নেন। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, সৌদিআরব, সুইডেন, ভ্যাটিক্যান ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এতে যোগ দেন। ভারতীয় হাইকমিশনের কাউন্সিলর সুজিত্ ঘোষও এতে উপস্থিত ছিলেন।
জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম ইফতারের আগে সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচালনা এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করেন। জেপির প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, আবু সাঈদ খান, কর্নেল (অব.) আব্দুল লতিফ মল্লিক, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী এবং দলটির কেন্দ্রীয় নেতা রুহুল আমিন এমপি, খলিলুর রহমান খলিল, আবুল খায়ের সিদ্দিকী আবু, সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, আজিজ বাঙ্গাল, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নাজমুন নাহার বেবী, সাধারণ সম্পাদক জাহানারা আরজু প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
