দিয়েগো ম্যারাডোনার সাবেক বান্ধবী রোসিও ওলিভা আর্জেন্টিনার একটি আদালত থেকে জামিন পেয়ে মুক্তির পর বলেছেন, এই ফুটবল কিংবদন্তি তাকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন। একই সঙ্গে ম্যারাডোনার দুবাই ম্যানশন থেকে গহনা চুরির অভিযোগটিও অস্বীকার করেছেন ২২ বছর বয়সী এই বান্ধবী।
আর্জেন্টিনার ওই আদালতে রোসিওর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চুরির অভিযোগ তোলা হলেও বুয়েন্স আয়ার্সের এই আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন মঞ্জুর করে। সেখানেই তিনি কান্না জড়িত ভাঙ্গা গলায় বলেন, ‘ম্যারাডোনা আমাকে ফাঁদে ফেলেন। তিনি জানেন আমি তার কাছ থেকে কিছুই নিইনি।’
বর্তমানে ৫৩ বছর বয়সী ম্যারাডোনা জানান, দুবাইয়ে তার কাছ থেকে ওলিভা হাজার হাজার ডলার মূল্যের হাতঘড়ি, ডায়মন্ডের কানের রিং এবং অন্যান্য গহনা চুরি করেছে। দুবাইয়ে স্পোর্টস প্রমোটর হিসেবে কাজ করার সময় ম্যারাডোনা পামগাছ আকৃতির ‘পাম জুমেইরাহ’ নামের কৃত্রিম দ্বীপে ওলিভারকে নিয়ে একসঙ্গে থাকতেন।
রোসিও এসব অভিযোগ অস্বীকার করে বরং ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া সাবেক এই তারকা ফুটবলারের বিরুদ্ধে তাকে আঘাতের অভিযোগ তোলেন। সংযুক্ত আরব আমিরাত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর গত বুধবার বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দরে গ্রেফতার হন এই তরুণী।
অথচ মাত্র গত মাসেও ম্যারাডোনা-রোসিও যুগলকে রিও ডি জেনিরোতে একসাথে দেখা গিয়েছিল। সেখানে তারা ঝামেলাটা মেটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে বিভিন্ন সাময়িকীতে খবর বেরোয়। রোসিও নিজেও বুয়েন্স আয়ার্সের একজন ফুটবলার। তিনি জানান, ম্যারাডোনাই তার রিও ডি জেনেরিও ভ্রমণের খরচ দিয়েছিলেন এবং তার সাথে সাক্ষাতের ‘কারণ তিনি আমাকে ভালবাসেন।’
ম্যারাডোনার বক্তব্য হলো ওলিভা তার সঙ্গে প্রতারণা করেছে। এছাড়াও তার অনেক কিছু চুরি করেছে এবং এসব জিনিষসপত্র ফেরত দিতে বলেছেন তাকে। ইনন্ট্রুসস নামের এক টিভি অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছেন, ‘সে আমার এসব মালামাল ফেরত দিয়ে দিলে সমস্যা মিটে যাবে।’ অন্যথায় ওলিভাকে এর ফল ভোগ করতে হবে বলে প্রতিজ্ঞা করেন আর্জেন্টিনাইন ফুটবল কিংবদন্তি। এ ব্যাপারে ওলিভার সঙ্গে গত পাঁচ মাসের বেশি সময় ধরে টানাপোড়েন চলছে বলেও জানালেন তিনি।
আরব আমিরাতে ম্যারাডোনা অভিযোগগুলো আনলেও দেশটির সাথে আর্জেন্টিনার প্রত্যার্পণ চুক্তি নেই বলে জানান রোসিওর আইনজীবী হোসে ভেরা। এ প্রসঙ্গে ভেরা বলেন, তার মক্কেলের নাটকীয় গ্রেফতারের কারণ ‘অভিযোগকারীর উচ্চ অবস্থান।’ —এএফপি
