ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরাইলিদের অমানবিক হামলার প্রতিবাদ এবং হামলায় হতাহতদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাতে সেখানে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গাজায় প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন এ জোট। বৈঠক শেষে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মোহাম্মদ নাসিম বলেন, গাজায় যে ঘটনা ঘটছে তা কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। নারী-শিশুর রক্তে গাজা এখন রঞ্জিত। এটা মানব ইতিহাসের জঘন্যতম নজিরবিহীন হামলা। ইসরাইল মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। তারপরও কয়েকটি দেশ এতে মদদ দিচ্ছে। যা দুঃখজনক। ১৪ দল এ ঘটনায় খুবই উদ্বিগ্ন। অবিলম্বে এই নারকীয় হত্যাকাণ্ডের বন্ধের জন্য জাতিসংঘসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দল। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীকে ইসরাইলি হামলায় আক্রান্ত গাজায় প্রতিনিধি দল পাঠানোর ব্যবস্থা নেয়ারও উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছে ১৪ দল।
ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করে নাসিম বলেন, ঈদের পর সরকারকে ক্ষমতা থেকে নামানোর হুমকি শুধু অসাংবিধানিক নয়, অবৈধও। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খান, জেপির ভাইস চেয়ারম্যান আজিজ বাঙ্গাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশীদ খান, তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ।
