শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তির দিন শেষ হয়ে গেছে। সাম্প্রদায়িক শক্তি বিদেশি পৃষ্ঠপোষকতা পেয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। এদেশের মানুষ সে ষড়যন্ত্র রুখে দিয়েছে। শুক্রবার মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগ নেতা এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, হাজী মো. সেলিম এমপি, পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ। সভাপতিত্ব করেন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর।
শিল্পমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরের জবরদখলকৃত ভূমি উদ্ধারে সহায়তার আশ্বাস দেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। এই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই ষড়যন্ত্র সফল হয়নি।
সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জবরদখলকৃত দেবোত্তর ভূমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে জে.এল ভৌমিককে সভাপতি ও নারায়ন সাহা মনিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি নির্বাচন করা হয়।
