চারজনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৪২
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ তদন্তে নির্বাচন কমিশন (ইসি) গঠিত কমিটির প্রতিবেদন কমিশনে এসেছে। এতে ঘটনার ‘সত্যতা’ পাওয়ার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি ‘নিশ্চিত’ হতে আরো অধিকতর তদন্তের কথা বলা হয়েছে। এছাড়াও সরকারি দলের সংসদ সদস্যসহ প্রতিবেদনে চারজনকে অভিযুক্ত করা হয়েছে। যার মধ্যে হুমকির অভিযোগকারী পুলিশ কর্মকর্তার নামও রয়েছে। এ বিষয়ে ইসি কার্যালয়ের যুগ্ম সচিব (আইন) মো: শাহজাহান বলেন, প্রতিবেদনটি অসম্পূর্ণ। আইনানুযায়ী আচরণবিধি লংঘনের বিষয়টি তদন্তের দায়িত্ব ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির। তাদের রিপোর্টের ভিত্তিতেই কমিশন আগাবে। প্রতিবেদনটি কমিশন সভায় উত্থাপনের পরে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। গত ২৬ জুন উপনির্বাচনের ভোট গ্রহণের সময় সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে ‘হুমকি’ দেয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। ইসির গঠিত ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির প্রতিবেদনে যে চারজনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, সহকারী পুলিশ সুপার মো. বশির উদ্দিন, র্যাব-১১ এর মেজর সোহেল ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম। তাদের বিরুদ্ধে অভিযোগের ধরন সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত ও পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আচরণবিধি ভঙ্গের বিষয়ে তদন্ত করে কমিটি।