পিসিবি অজ্ঞ লোকদের কারখানা

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৪২
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি’র কঠোর সমালোচনা করেছেন। তার মতে, পিসিবি হচ্ছে ‘অজ্ঞ’ লোকদের কারখানা, যারা টাকা খরচ করা ছাড়া আর কিছুই জানে না। এনডিটিবিকে দেয়া এক সাক্ষাত্কারে শোয়েব বলেছেন, ‘কেবল বেতনেই পিসিবি ১৫০ মিলিয়ন রুপি খরচ করছে। পিসিবিতে সাতশোরও বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছে। কিন্তু ফলে কী হচ্ছে? কিছুই না।’ স্পষ্টভাষী সাবেক এ ক্রিকেটার আরও বলেন, ‘আমি জানি না তারা কী করতে চেষ্টা করছে। এই বোর্ড অজ্ঞ লোকদের কারখানা। তাদের সঙ্গে কথা বলাটাও নিরর্থক। আমি যখন খেলতাম, তখন বোর্ডে অনেক কম কর্মকর্তা-কর্মচারী ছিল। বোর্ডের টাকাও যুক্তিযুক্তভাবে খরচ করা হতো, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটে ভাল করেছিলাম।’