সুপার ওভারে সুনীল নারিনের বিস্ময়কর মেইডেন উইকেটে রেড স্টিলের বিপক্ষে জয় তুলে নিয়েছে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স।
মূল ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৮ রান তুলেছিল রেডস্টিল। সেখানে ২৩ রানে ২ উইকেট নিয়েছিলেন নারিন। এই সামান্য রানও পাড়ি দিতে গিয়ে নারিনের দল আমাজন বিপাকে পড়ে যায়। শেষ ওভারে তাদের জয়ের জন্য ১২ রান এবং শেষ বলে ৩ রান দরকার ছিল। কিন্তু শেষ বলে ঠিক ২ রান নিয়ে ওই ১১৮ রানেই আটকে যায় তারা। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাট করা অ্যামাজন তোলে ১১ রান। এই রানটাকে সুপার ওভারের তুলনায় কমই মনে হয়। এই রানই রক্ষা করতে বল হাতে নেন নারিন। আর এটাকেও রেড স্টিল ব্যাটসম্যানদের জন্য অসীম এক রানে পরিণত করেন। টানা চার বল কোনো রান না দেওয়ার পর পঞ্চম বলে তুলে নেন এক উইকেট। আর শেষ বলটিও রানশূন্য রেখে পূর্ন করেন মেইডেন ওভার!
