ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বার্থপরতা এবং অহংকার বিশ্বকাপে পর্তুগালকে ক্ষতিগ্রস্ত করেছে। অন্তত ক্রোয়েশিয়ান কিংবদন্তী জোভোনিমির বোবান তেমনটাই মনে করেন।
পর্তুগাল সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় পতুগালকে। ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি শেষ পর্যন্ত ২০১৪ বিশ্বকাপের শিরোপা জেতে। অপরদিকে গ্রুপ রানার্স-আপ যুক্তরাষ্ট্র পরবর্তী রাউন্ড নিশ্চিত করে।
পর্তুগালের এই তারকা ফুটবলার টুর্নামেন্ট জুড়েই হাঁটুর ইনজুরির সমস্যায় ছিলেন। গ্রুপের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও নৈপুণ্য দেখাতে পারেননি তিনি। ২-২ গোলে ড্র হয় লড়াইটি। ফলে সতীর্থদের সঙ্গে অসন্তুষ্টি নিয়ে বিশ্বকাপ শেষ করতে হয় রোনালদোকেও।
বোবান পর্তুগালের এমন ব্যর্থতার পেছনে ২৯ বছর বয়সী রোনালদোর মানসিকতাকেই দায়ী করেছেন। ক্রোয়েশিয়ার হয়ে ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বোবান মে মাসে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে জয়সূচক গোল করা রোনালদোর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।
মিলানের হয়ে চারটি সিরিএ শিরোপা জেতা বোবান স্পোর্টস্কে নোভোসটি নামের ক্রোয়েশিয়ান এক সংবাদপত্রে নিজের লেখা কলামে রোনালদো সম্পর্কে মতামত দেন। তাতে তিনি লিখেন, ‘রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। বেশ কয়েকটি সুযোগ মিস হওয়ার পরও এর প্রমাণ ব্রাজিলে সে দেখিয়েছে। কিন্তু তার বড় সমস্যা হলো- তার নিজের এবং দলের প্রতি দৃষ্টিভঙ্গি।’
বোবান আরও লেখেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সে ১২০ মিনিটের সময় গোল করেছিল এবং অনেকটা উন্মাদের মতোই সেটা উদযাপন করেছিল। সে যে নিজেকেই ভালবাসে এটাই এর চরম প্রমাণ। দল নিয়েই হেডলাইন হওয়া উচিত, রোনালদোকে নিয়ে নয়।’
ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের পারফরম্যান্স নিয়ে বোবান বলেছেন, ‘পর্তুগালকে নিয়ে একই ব্যাপার ঘটেছে ব্রাজিলেও। দলটিতে কোনো নির্দেশ বা শৃঙ্খলা ছিল না। দলের সব খেলোয়াড়ই নিজেদের মতো করে খেলেছে। খেলার চেয়ে তারা চুলের স্টাইল এবং ট্যাটু নিয়েই বেশি ব্যস্ত ছিল। দেখে মনে হয়েছে দলে হলিউড ধরনের আচার-আচরণ চলছে।’ মাত্রারিক্ত রোনালদো নির্ভরতায় পর্তুগাল দল তার পরিচিতি হারিয়ে ফেলেছে বলে দুঃখ প্রকাশ করেছেন বোবান, ‘অস্থিরচিত্তের একজন অধিনায়কের কারণে একটি দল তার পরিচিতি হারিয়ে ফেলছে—রোনালদো এবং গোটা প্রজন্মের জন্যই এটা দুঃখের বিষয়।’
