স্পেন সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে শোচনীয়ভাবে ব্যর্থ হবার পরও দলটির কোচ হিসেবে থেকে যাওয়া নিশ্চিত করেছেন ভিসেন্তে দেল বস্ক। নিজের ভবিষ্যত্ নিয়ে নিরবতা ভেঙ্গে দেল বস্ক জানিয়েছেন, ইউরো ২০১৬ পর্যন্ত স্পেন দলের কোচ থাকতে চান তিনি।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ড ও চিলির কাছে যথাক্রমে ৫-১ ও ২-০ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্বেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। গত মাসে দলের অমন ব্যর্থতার পরও দেল বস্ক জানিয়েছেন, পদত্যাগ করার কোন ইচ্ছে তার নেই এবং স্প্যানিশ ফুটবল এসোসিয়েশনের সমর্থন উপভোগ করছেন তিনি। ৬৩ বছর বয়সী এ কোচ স্পেনে সাংবাদিকদের বলেন, ‘আমরা আরো অনেক বেশি ভাল করতে পারি এবং সঠিক পথেই আমরা ফিরছি।’
তিনি বলেন,‘আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে আমরা শিরোপা অক্ষুণ্ন রাখার চেষ্টা করব। বড় একটা পরিবর্তনের কোন প্রয়োজন নেই। সামান্য কিছু পরিবর্তন এনে আমাদের একই পথে থাকতে হবে।’ ইউরো ২০০৮ চ্যাম্পিয়ন হওয়ার পর লুইস আরাগোনেসের পরিবর্তে রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচকে নিয়োগ দেয় স্পেন। দলের দায়িত্ব নিয়ে ২০১০ বিশ্বকাপ এবং ইউরো ২০১২ উভয় প্রতিযোগিতার শিরোপাই স্প্যানিশদের পাইয়ে দেন দেল বস্ক। স্পেন জাতীয় দলের সাথে ২০১৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকা দেল বস্ক বলেন, ‘এই সময় পর্যন্ত ফেডারেশনের সঙ্গে আমার চুক্তির মেয়াদ আছে এবং দুটি খারাপ ম্যাচকে গুরুত্ব না দিয়ে তার পরিবর্তে আগের ছয় বছরকেই তারা বিবেচনা করছে। ফেডারেশন ইতিবাচক এবং তারা আমার কাজের মূল্যায়ন করেছে।’ বাসস
