আশুগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

আপডেট : ৩০ মে ২০১৯, ১২:২২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে গ্রামের নুনাপাড়া এলাকার হাবিবুর রহমান মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামাল ও শরিফ। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।তবে এখনও পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এই ঘটনায় হাবিবুর রহমানসহ তার পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে ১০/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত হাবিবুর রহমানের বাড়িতে হানা দেয়।ডাকাতরা প্রথমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে হাবিবুর রহমানের মেয়ে রুবিনা বেগমের উপর হামলা করে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল লুটপাটের চেষ্টা করে। এসময় রুবিনার চিৎকারে হাবিবুর রহমান, তার ছেলে সানাউল্লাহ মিয়া ও ছেলের বৌ প্রিতি বেগম দৌড়ে এগিয়ে আসেন। পরে ডাকাতরা তাদের উপর হামলা করে এলোপাতাড়ি কুপাতে থাকেন। তাদের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এসে বাড়ি ঘেরাও করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও দুই ডাকাতকে ধরে ফেলে এলাকাবাসী।পরে তাদের গণপিটুনি দেয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্বার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয়।

এ সময় ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া, নাতী রাহুল মিয়া ও প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তারসহ ৪জন আহত হয়েছেন। এদের মধ্যে ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

থানার উপপরিদর্শক (এস আই) শ্রীবাস চন্দ্র দুই ডাকাত নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহতরা ডাকাত দলের সদস্য। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তকরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

ইত্তেফাক/এএম