ঈদ ‘ইত্যাদি’তে দেশের গান

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৫১
ঈদ ‘ইত্যাদি’তে বরাবরই প্রশংসনীয়ভাবে অন্তর্ভুক্ত থাকে দেশের গান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ ‘ইত্যাদি’তেও একাধিক শিল্পী অংশ নিচ্ছেন। আগামী ঈদ উপলক্ষে নির্মিত ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান নিয়ে। এই পর্বে একসঙ্গে গান গেয়েছেন ৯ জন জনপ্রিয় সংগীত তারকা। আর তারা হলেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, শাকিলা জাফর, শুভ্রদেব, নকিব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও এসআই টুটুল। নন্দিত নির্মাতা হানিফ সংকেত সবসময়ই বৈচিত্র্যে বিশ্বাসী। ঈদের সময় শত শত অনুষ্ঠানে অনেক শিল্পীকেই অনেকবার দেখা যাবে। কিন্তু এই ৯ জন গুণী শিল্পীকে একসঙ্গে একমাত্র ‘ইত্যাদি’ ছাড়া এই ঈদে আর কোনো অনুষ্ঠানে দেখা যাবে না। ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র জানায়, শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গানটির ধারণ কাজে সহযোগিতা করেন। ধারণ কাজ কিছুটা পরিশ্রম সাপেক্ষ হলেও হানিফ সংকেতের বিশাল আয়োজন, সর্বোপরি একটি চমত্কার পরিকল্পনার জন্য শিল্পীরা আনন্দের সঙ্গে প্রতিটি কাজে অংশ নিয়েছেন। ঈদের ‘ইত্যাদি’র জন্য দেশাত্মবোধক গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু। গানটির নান্দনিক চিত্রায়ন সবারই ভালো লাগবে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।