ঈদে এটিএন বাংলায় মমতাজ

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৫১
ব্যতিক্রমী একটি সংগীতানুষ্ঠান নিয়ে এবারের ঈদে এটিএন বাংলার পর্দায় হাজির হচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। অনুষ্ঠানে গল্প আর গানে দর্শকদের মাতাবেন শিল্পী। ‘কিছু গল্প কিছু গান’ শিরোনামে ঈদের বিশেষ এই সংগীতানু্ষ্ঠানে গানের পাশাপাশি রয়েছে গানের নেপথ্য গল্প, মমতাজের শিল্পী জীবনের অজানা গল্প এবং প্রাণবন্ত আড্ডা। ঈদ উপলক্ষে এটিএন বাংলা এক্সক্লুসিভ হিসেবে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানে উপস্থাপিকার সঙ্গে লং ড্রাইভে পথ চলতে চলতে গান নিয়ে আলাপচারিতায় অংশ নিয়েছেন শিল্পী। শিল্পীরা সচরাচর শ্রোতাদের জন্য গান করেন এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু উপস্থাপিকার অনুরোধে অনুষ্ঠানে নিজেই শ্রোতা বনে গিয়েছিলেন মমতাজ। ‘মনপুরা’ চলচ্চিত্রের ‘আগে যদি জানতাম রে বন্ধু’ গানটি শুনে গানের নেপথ্যের গল্প নিয়ে স্মৃতি রোমন্থন করেন তিনি। ভ্রমণের পাশাপাশি কখনও কফি শপে গিয়ে উষ্ণ মগে চুমুক দিয়ে বলেছেন নিজের সংগীত জীবনের অজানা অনেক কথা। আবার পাঁচ তারকা হোটেলের লনে বসে জানিয়েছেন নিজের পছন্দের গান এবং গান নিয়ে ভাবনার কথা। ‘পাংখা’, ‘এক বালিশে দুই মাথা’, ‘আগে যদি জানতাম রে বন্ধু’, ‘বুকটা ফাইটা যায়’ ছাড়াও অনুষ্ঠানে শিল্পী একটি নতুন গান পরিবেশন করেছেন। গানগুলো চিত্রায়ন করা হয়েছে বসুন্ধরাস্থ এটিএন বাংলার স্টুডিওতে। মুকাদ্দেম বাবুর প্রযোজনায় ‘কিছু গল্প কিছু গান’ অনুষ্ঠানটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে ঈদের পরদিন রাত ১১টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।