আসছে ঈদ উপলক্ষে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) তিন দিনের কনসার্ট আয়োজন করেছে। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। দীর্ঘদিনের ওপেন এয়ার কনসার্টের খরায় এটি ব্যান্ডপাগল দর্শকদের জন্য বাড়তি পাওনা হবে বলে সকলে ধারণা করছেন। এই রক উত্সবে সংগীত পরিবেশন করবে ২৪টি ব্যান্ড। প্রতিদিন থাকবে ৮টি করে ব্যান্ডের পরিবেশনা। বিকেল ৫টায় শুরু হয়ে কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।
বামবা কনসার্ট প্রসঙ্গে নগরবাউল জেমস বলেন, ‘শ্রোতাদের সাথেই তো দিনরাত থাকতে ইচ্ছে হয়। নিয়মিত এমন আয়োজন হলেই আবার জেগে উঠবে ঢাকাবাসী।’
বামবার রক উত্সবে সংগীত পরিবেশন করবে সোলস, ফিডব্যাক, রেনেসাঁ, নগরবাউল, মাইলস, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, ওয়ারফেজ, এলআরবি, দলছুট, প্রমিথিউস, অর্থহীন, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, মেটাল মেইজ, পাওয়ার সার্জ, মেকানিক্স, নেমেসিস, আর্বো ভাইরাস, রেডিও অ্যাক্টিভ, বেদুঈন, নাগরিক, দৃক ও ডার্ক। বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘বামবা বিভিন্ন সময়ে বরাবরই কনসার্ট আয়োজন করেছে। তবে ঈদে এবারই প্রথম আমরা রক উত্সবের আয়োজন করছি।’
