‘ধুম থ্রি’র পর এবারে ‘রোবট টু’!

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৫২
আমির খান গত বছর থেকেই সিক্যুয়েল ছবির প্রতি দুর্বল হয়ে পড়েছেন। আর ছবির আগের রেকর্ড ভাঙারও নেশা জেগেছে তার মাথায়। তাই ‘ধুম থ্রি’র পর আরও একবার খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে আমির খানকে। সিনেপাড়ায় কানাঘুষো চলছে, রজনীকান্তের সাইফাই সিনেমা ‘রোবট’-এর সিক্যুয়েল ‘রোবট টু’তে থাকছেন পারফেকশনিস্ট খান। ভারতীয় বেশ ক’টি পত্রিকা মারফত জানা যায়, ‘ধুম থ্রি’তে আমিরের অভিনয় নৈপুণ্য দেখে তাকে খলনায়কের চরিত্রে নিতে চাইছেন ‘রোবট টু’র নির্মাতারা। ইতোমধ্যেই শুরু হয়েছে দুপক্ষের আলোচনা। ২০১০ সালে মুক্তি পায় সাইফাই ধাঁচের সিনেমা ‘রোবট’, যা তামিল ভাষায় মুক্তি পায় ‘এন্থিরান’ নামে। ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপরীতে এখানে অভিনয় করেছিলেন রজনীকান্ত। তাকে দেখা গেছে একাধারে একজন বিজ্ঞানী এবং রোবটের চরিত্রে।