ভাগ্যগুণে বাঁচলেন স্কটিশ যুগল

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:০৪
মালয়েশিয়া এয়ারলাইন্সেই সব সময় যাতায়াত করেন স্কটল্যান্ডের ব্যারি সিম দম্পতি। এবারো সপরিবারে এমএইচ১৭’য় চড়েই কুয়ালালামপুরে যেতে চেয়েছিলেন তারা। কিন্তু সিট না পাওয়ায় শেষ পর্যন্ত বাঁচলেন সাক্ষাত্ মৃত্যুর হাত থেকে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে বৃহস্পতিবার ইউক্রেইনের আকাশসীমায় বিমানটি ভূপাতিত হয়ে নিহত হন আরোহী ২৯৮ জনই। —বিডিনিউজ ব্যারি সিম ও তার স্ত্রী ইজজি সন্তানকে নিয়ে এ ফ্লাইটেই কুয়ালালামপুর যাওয়ার চেষ্টায় ছিলেন। মালয়েশিয়া এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সে যাওয়া একেবারেই পছন্দ ছিল না ব্যারির। কিন্তু পছন্দের এ বিমানে সিট মেলেনি। তাই বাধ্য হয়েই ব্যারিকে যেতে হয় কেএলএম নামের অন্য একটি ফ্লাইটে। আর স্ত্রী ইজজিও তাকে সতর্ক করে দিয়ে স্মরণ করিয়ে দিয়েছিলেন মালয়েশিয়া এয়ারলাইন্সের সেই নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০ এর কথা। অতপর ঠিক হয় কেএলএম ফ্লাইটেই যাবেন কুয়ালালামপুর। আর এখন না পছন্দের এ ফ্লাইটে চড়েই স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই দম্পতির উচ্ছ্বসিত উক্তি, “ভাগ্যিস ওই ফ্লাইটে যেতে হয়নি। উপরওয়ালা হয়ত আমাদের দেখছিলেন, আর বলছিলেন, তোমরা ওই ফ্লাইটে যাবে না”।