বন্ধুত্বের সূত্র ডিএনএতে
অপরিচিত মানুষদের তুলনায় বন্ধুদের মধ্যে গড়ে ০.১ শতাংশ বেশি জিনগত মিল থাকে বলে জানিয়েছেন দুই মার্কিন গবেষক। ওই একই পরিমাণ জিনগত মিল পাওয়া যায় দূরসম্পর্কের আত্মীয়দের মধ্যেও। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়েগোর জিনতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক জেমস ফাওলার এবং ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক নিকোলাস ক্রিস্টাকিস মিলে ‘ফ্রেমিংহাম হার্ট স্টাডি’ গবেষণা থেকে সংগ্রহ করা জেনেটিক ডেটার উপর এ বিষয়ে গবেষণা চালান। যুক্তরাষ্ট্রের একটি ছোট শহরের প্রায় ২০০০ অধিবাসীকে নিয়ে করা হয় গবেষণাটি, বিশ্লেষণ করা হয় প্রায় ৫ লাখ জিনোম। তবে ওই গবেষণার ফলাফল কতটা সঠিক সে বিষয়ে গবেষকদের মধ্যেই মত-বিভেদ আছে। -বিবিসি
ফাইটার পাইলটদের জন্য স্ট্রাইকার ২
ফাইটার পাইলটদের জন্য ব্রিটিশ অ্যারোস্পেস ও ডিফেন্স কোম্পানি (বিএই) সিস্টেমস তৈরি করেছে নতুন নাইটভিশন হেলমেট স্ট্রাইকার-২। ইংল্যান্ডে অনুষ্ঠিত ‘ফার্নবোরো এয়ারশো’-তে স্মার্ট হেলমেটটি উন্মোচন করেছে বিএই। হেলমেটটির ভাইজর হাই ডেফিনেশনের ডিসপ্লে হিসেবে কাজ করবে। ডিসপ্লেটিতে লক্ষ্যবস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবেন পাইলটরা। হেলমেটগুলোতে আরও থাকছে ‘হেড ট্র্যাকিং’ প্রযুক্তি। তবে স্ট্রাইকার-২-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হল বিল্ট-ইন নাইট ভিশন গগলস। হেলমেটে বসানো একটি ডিজিটাল ক্যামেরার মাধ্যমে নাইটভিশন ইফেক্টটি তৈরি হবে। অন্ধকারে ক্লোজ ফর্মেশনে উড়তে এবং উড়ন্ত অবস্থায় ‘ফিউয়েল ট্রান্সফারে’ নাইটভিশন খুবই জরুরি। -বিবিসি
‘গিফ’ নয় ‘জিফ’!
কয়েকটি স্থির ছবিকে ধারাবাহিকভাবে সাজিয়ে তৈরি করা অ্যানিমেশনকে বলা হয় গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট বা জিআইএফ (GIF)। অধিকাংশ ব্যক্তিই শব্দটিকে উচ্চারণ করেন গিফ। তবে এর সঠিক উচ্চারণ হবে জিফ, জানালেন এর উদ্ভাবক স্টিভ উইলহাইট। নিজের উদ্ভাবনের সম্মাননা হিসেবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে এসে একথা জানান উইলহাইট। ১৯৮৭ সালে মার্কিন অনলাইন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ‘কম্পিউসার্ভ’-এর সঙ্গে কাজ করার সময় সর্বপ্রথম জিফটি তৈরি করেন উইলহাইট। কম্পিউসার্ভের জন্য রঙিন আবহাওয়া মানচিত্র তৈরি করতে গিয়ে আইডিয়াটির জন্ম। -বিবিসি
