লামের জায়গা নিচ্ছেন শোয়েনি?

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৪১
অনেকটা বিস্ময়ের জন্ম দিয়েই গত শুক্রবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ফিলিপ লাম। লামের এই ঘোষণায় বিস্ময়-বিদায় অভিনন্দনের পাশাপাশি জেগেছে নতুন প্রশ্নও। লামের জায়গা নিচ্ছেন কে? পারফরম্যান্স, ফিটনেস আর অভিজ্ঞতা বিবেচনায় তার উত্তরসূরী হিসেবে জার্মানদের নতুন সেনাপতির নাম হতে পারে বাস্টিয়ান শোয়েনস্টেইগার। যদিও লামের এই বায়ার্ন মিউনিখ সতীর্থের বয়সটা অধিনায়ক হবার খুব একটা উপযোগী নয় বলেও মন্তব্য করেছেন অনেকে। ব্রাজিল বিশ্বকাপে জার্মান দলের চতুর্থ শিরোপা জয়ে অসামান্য অবদান ছিল শোয়েনস্টেইগারের। টুর্নামেন্টের শুরুতে শুরুর একাদশে জায়গা না পেলেও বদলি হিসাবে নেমেই নিজের অপরিহার্যতার প্রমাণ দিতে থাকেন শোয়েনি। কোচ জোয়াকিম লো টুর্নামেন্ট শেষে বলেন, সাইড বেঞ্চে বসে থাকার বিষয়টাই তাতিয়ে তোলে এই মিডফিল্ডারকে। তবে মাঠে নামার পরে আর সমস্যা হয়নি। নক আউট পর্বের প্রতিটি ম্যাচেই নিজের প্রথাগত সেই মিডফিল্ড জেনারেলের ভূমিকাতেই অবতীর্ন হন তিনি। তবে আক্রমণের চেয়ে রক্ষণেই তার অবদানটা বেশি করে চোখে লাগছিল। আক্রমণ রচনার দায়িত্বটা টনি ক্রুসের হাতে ছেড়ে দিয়ে অনেকটা ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতেও যথারীতি সফল ছিলেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাতে শোয়েনস্টেইগার মনে করিয়ে দিচ্ছিলেন জার্মানদের সেই চিরাচরিত হার না মানা মানসিকতাকেই। এক মুহূর্ত বিশ্রাম নেই, এই আক্রমণে যাচ্ছেন আবার পরক্ষণেই ফিরছেন রক্ষণে। বল দখলের জন্য লড়ছেন, প্রতিপক্ষের আঘাতে লুটিয়ে পড়লেও আবার পরক্ষণেই উঠে দাঁড়াচ্ছেন। মার্কাস রোজোর সাথে একটি বলের জন্য লড়াই করতে গিয়ে তো রোজোর হাতের আঘাতে ঝরলো রক্তও। সেই ২০০৬ সাল থেকেই জার্মান দলের অপরিহার্য সদস্য শোয়েনির এই লড়াকু মানসিকতাই তাকে অধিনায়ক হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখছে। পাশাপাশি তিনটি বিশ্বকাপ এবং সমানসংখ্যক ইউরো খেলার অভিজ্ঞতাও বাড়তি নম্বর যোগ করছে তার বৃত্তান্তে। তাছাড়া, দীর্ঘদিন ধরেই লামের সহকারির দায়িত্বটাও পালন করছিলেন তিনি। ইতিমধ্যেই তার নেতৃত্বের গুনাবলী সকলের কাছেই প্রশংসিতও হয়েছে। জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথুজও শোয়েইন্সটেইগারের পক্ষেই মত দিয়েছেন। স্কাই স্পোর্টস টেলিভিশনে ম্যাথুজ বলেছেন, নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে খুব বেশিদূর যেতে হবে না। আমার মতে বাস্টিয়ান শোয়েইন্সটেইগারের হাতেই অধিনায়কের আর্ম ব্যান্ড ওঠা উচিত। সে ইতিমধ্যেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ’ আগামী সেপ্টেম্বরের আগে যেহেতু ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্ব শুরু হচ্ছে না তাই জার্মান কোচ জোয়াকিম লো নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে তড়িঘড়ি করতে চাচ্ছেন না। তবে লামের জায়গা পূরণ করা যে সহজ হবে না জার্মান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে লো স্বীকার করে নিয়েছেন সেটা। ৫৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘লাম ছিল এমন একজন যার সাথে আমরা সব ধরনের চিন্তা ভাবনা ভাগাভাগি করতে পারতাম। প্রকৃত একজন রোলমডেল বলা চলে তাকে।’ তবে লো যদি তরুণ প্রার্থী খোঁজ করেন তবে এই তালিকায় এগিয়ে রয়েছেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার ম্যাটস হামেলস এবং ২৪ বছর বয়সী স্ট্রাইকার থমাস মুলার। শোয়েনির অধিনায়ক হবার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার বয়স। আগামী ১ আগস্ট তার বয়স ৩০ হবে। এখন পর্যন্ত জার্মানদের হয়ে তিনি ১০৮টি ম্যাচ খেলেছেন। গত দুই বছর ধরে শোয়েনিকে ভোগাচ্ছে চোটও। দেশের হয়ে ১১৩ ম্যাচ খেলা লাম ৩০ বছর বয়সে গতকাল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তবে ২০১০ বিশ্বকাপ থেকে জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড পড়া লামের উত্তরসুরী যে খুঁজে বের করা সহজ হবে সেটা বোঝাই যাচ্ছিল। কারণ, মাঠ এবং মাঠের বাইরের পারফরম্যান্স বিচারে জার্মান দলকে নেতৃত্ব দেয়ার সেরা লোকটি ছিলেন লামই। সাবেক জার্মান কিংবদন্তী ও বর্তমানে বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছেন, লামের বদলি কাউকে খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না। সেটা একজন ব্যক্তি হিসেবেই হোক বা অধিনায়ক হিসেবে। ২০০৪ সালে লামের আন্তর্জাতিক অভিষেক হবার সময় জার্মান কোচের দায়িত্বে থাকা রুডি ফলার বলেছেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত বায়ার্ন ডিফেন্ডার দলে থেকে যেতে পারতেন। বিদায় বেলায় লামের সঙ্গী হয়েছে শোয়েনস্টেইগারের প্রশংসাগাথাও। লামের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শোয়েনি টুইটারে লিখেছেন, ‘বন্ধু তোমার অনুপস্থিতি খুব অনুভব করবো, যেখানেই থাকো ভাল থেকো, তোমাকে ধন্যবাদ।’