লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, অ্যাঞ্জেল ডি মারিয়া, দিয়েগো কস্তা ও লুই সুয়ারেজকে নিয়ে স্পেনের লা লিগার পাঁচজন খেলোয়াড় ঠাঁই পেলেন ২০১৩-১৪ মৌসুমের ইউরোপের বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে।
ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা এ তালিকা প্রকাশ করে। গেল মৌসুমের নৈপুণ্যের বিবেচনায় এ পুরস্কারটি দেয়া হবে ১০ জনের এই তালিকা থেকে। ২৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়টির নাম ঘোষণা করা হবে।
উয়েফার সদস্য দেশগুলোর সাংবাদিকদের একটি প্যানেল সেরা খেলোয়াড়টিকে বেছে নেবে। এতে ঠাঁই পাওয়া অন্য ফুটবলাররা হলেন-মোনাকোর জেমস রড্রিগেজ, বায়ার্ন মিউনিখের ফিলিপ লাম, টমার ম্যুলার, ম্যানুয়েল ন্যয়ার ও আরিয়েন রোবেন।
ইউরোপের নামকরা ফুটবলারদের মধ্যে এ তালিকায় ঠাঁই হয়নি ইব্রাহিমোভিচ, গ্যারেথ বেল ও নেইমারের। জায়গা হয়নি ইতালির লিগের কারো।
মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তোলার পর বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছিলেন। কিন্তু ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানির টমাস মুলার এবং তৃতীয় স্থান পাওয়া নেদারল্যান্ডসের আরিয়েন রোবেনকে বাদ দিয়ে বার্সেলোনা তারকাটির গোল্ডেন বল পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক দেখা দেয়। স্বয়ং দিয়েগো ম্যারাডোনাও এ পুরস্কারটিকে বিপনন কর্মীদের চাতুরি হিসেবে সমালোচনা করেছিলেন। তবে সে সমালোচনাকে পেছনে ফেলেই মেসি এখন আরো একটি ব্যক্তিগত অর্জনের দোরগোড়ায় এসে দাঁড়ালেন।
যদিও ইউরোপ সেরার জন্য প্রণীত সংক্ষিপ্ত তালিকায় জার্মানিকে বিশ্বকাপ জেতানো এবং বুন্দেশলিগার চ্যাম্পিয়ন দলটির খেলোয়াড়রাই সংখ্যায় ভারী। সে তুলনায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আছেন দুজন করে খেলোয়াড়। সুয়ারেজ বার্সেলোনায় যোগ দিলেও তিনি বিবেচিত হবেন মূলত গেল মৌসুমে লিভারপুলের হয়ে দেখানো নৈপুণ্যের জন্যই। একইভাবে দিয়েগো কস্তা এখন চেলসির খেলোয়াড় হলেও গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েই নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি।
বাসস/মার্কাডটকম
দশ ফুটবলার
দিয়েগো কস্তা চেলসি, স্পেন
অ্যাঞ্জেল ডি মারিয়া রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা
জেমস রড্রিগেজ মোনাকো, কলম্বিয়া
ফিলিপ লাম বায়ার্ন মিউনিখ, জার্মানি
লিওনেল মেসি বার্সেলোনা, আর্জেন্টিনা
টমাস মুলার বায়ার্ন মিউনিখ, জার্মানি
ম্যানুয়েল ন্যুয়ার বায়ার্ন মিউনিখ, জার্মানি
আরিয়েন রোবেন বায়ার্ন মিউনিখ, নেদারল্যান্ড
ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ, পর্তুগাল
লুইস সুয়ারেজ বার্সেলোনা, উরুগুয়ে
