সেসক ফ্যাব্রেগাসকে চেলসিতে নিয়ে আসতে মাত্র ২০ মিনিট সময় লেগেছে দাবি করে কোচ হোসে মরিনহো স্প্যানিশ এই মিডফিল্ডারের সাবেক ক্লাব আর্সেনালকে খোঁচা দিয়েছেন। চেলসি কোচ এও জানান যে, ফ্যাব্রেগাস আবার গানার্সদের কাছে ফিরতে চাননি বলেই তাকে নিয়ে আসা সহজ হয়েছে।
মরিনহো খেলোয়াড়টিকে চার কোটি ৬০ লাখ ডলারে চেলসিতে সই করান। যদিও ফ্যাব্রেগাসকে দলভুক্ত করার প্রথম সুযোগটি ছিল আর্সেনালেরই। খবর বেরিয়েছে যে, আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারই ফ্যাব্রেগাসকে আবার দলে টানতে চাননি। কারণ তিনি মেসুত ওজিল, অ্যারন রামসে, জ্যাক উইলশিয়ার এবং মাইকেল আরটেটার মত মিডফিল্ডারদের নিয়ে খুশীই আছেন। এরপরও মরিনহো ব্যাপারটা নিয়ে কথার খেলায় নামেন ওয়েঙ্গারের সাথে। ওয়েঙ্গারকে সুযোগ পেলেই খোঁচা মারা অবশ্য পর্তুগীজ কোচের পুরনো অভ্যাস। তাই মরিনহো সুযোগ পেয়েই দাবি করলেন ২০১১ সালে বার্সেলোনায় যোগ দেবার পর আবার সেই ক্লাবে ফিরে যাবার কোন আগ্রহই ফ্যাব্রেগাসের ছিল না। লন্ডনে শুক্রবার বিটি স্পোর্টস আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে মরিনহো বলেছেন, ‘আমি তার সাথে ২০ মিনিট কথা বলেছি। আমি মনে করি সে আমাদের কাছেই আসতে চেয়েছিল। এটা সবাই জানে আর্সেনালের সুযোগ ছিল এ বিষয়টিতে হস্তক্ষেপ করার। তবে আমি মনে করি সে ব্যাপারটায় আগ্রহী ছিল না। তাই আমার জন্য কাজটা সহজ হয়ে গিয়েছিল।’
গত মৌসুমে শূন্য হাতে শেষ করার পর মরিনহো এবার দলকে শক্তিশালী করার জন্য প্রথম থেকেই মাঠে নেমে পড়েন। সেই লক্ষ্যে ইতোমধ্যেই ফ্যাব্রেগাস, স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা, ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপ লুইস এবং তরুণ মিডফিল্ডার মারিও পাসালিচ ও হাজুক স্পিল্টকে দলে নিতে আট কোটি পাউন্ডের বেশি ব্যয় করেছেন। যদিও সর্বশেষ তিনি জানিয়েছেন, চলতি মৌসুমে আর খেলোয়াড় কিনবেন না তিনি।
এ সম্পর্কে মরিনহো বলেছেন, আমি একটি কথাই বলতে চাই আমার ক্লাব এ ব্যাপারে দারুণ সহযোগিতা করেছে। শুধুমাত্র কাজ সম্পন্ন করাই নয় যথাসময়ে আমরা কাজগুলো করতে পেরেছি। ৩১ আগস্ট দলবদলের সুযোগ শেষ হয়ে যাবে। তবে আমরা ১৯ জুলাই তা সম্পন্ন করেছি। আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে জানি। সব খেলোয়াড়কে আমরা চিনি, আমরা ঠিক যা চেয়েছি সেটাই করতে পেরেছি। এখন আমরা মৌসুম শুরুর অপেক্ষায় আছি। আসন্ন মৌসুমের আগে ম্যানচেস্টার ইউনাইটেড নেদারল্যান্ডস কোচ লুইস ফন গলকে দলে নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়া তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছেড়ে দিয়ে চমক দেখায় লিভারপুল । ম্যানচেস্টার সিটিও চমক দেখানোর অপেক্ষায় আছে। সব মিলিয়ে ২০১৪-১৫ মৌসুমটা সম্পর্কে আগাম কোন কিছু বলা বেশ কঠিন হবে বলেই মনে করেন মরিনহো। -বাসস
