নিউইয়র্ক সিটি এফসির সঙ্গে চুক্তির কাজটা আগামী সপ্তাহেই সেরে ফেলার আশা করছেন সাবেক চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ব্রিটিশ গণমাধ্যমে আজ এ খবর প্রকাশিত হয়।
গত জুন মাসের প্রথম দিকে চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই যোগ দেয়ার জন্য মেজর লীগ সকারের (এমএলএস) দলটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে আসছেন ল্যাম্পার্ড। ফলে হোসে মরিনহোর চেলসি দলে অপরিহার্যতা হারালেও বেশ কয়েকটি বড় ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়ে আসছেন ইংল্যান্ডের ৩৬ বছর বয়সী এ তারকা খেলোয়াড়। কিন্তু ম্যানচেস্টার সিটির আংশিক মালিক শেখ মনসুরের মালিকানাধীন এমএলএস’র নতুন দল নিউইয়র্কের প্রস্তাবই গ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। নতুন এ ক্লাবটি সম্পর্কে ল্যাম্পার্ড খুবই উচ্ছ্বসিত বলে জানা গেছে এবং আগামী সপ্তাহেই তাদের সঙ্গে চুক্তি সেরে ফেলার আশা করছেন তিনি। ২০১৩ সালের মে মাসে নিউইয়র্ক ক্লাবটির যাত্রা শুরু। তবে ২০১৫ সালের মার্চের আগে আমেরিকান লীগে প্রতিদ্বন্দ্বিতা শুরু করতে পারবে না। ফলে ল্যাম্পার্ড নিউইয়র্কের ক্লাবটির আরেক সহযোগী ক্লাব মেলবোর্ন সিটি এফসিতে আগামী ৫ মাস কাটাতে পারবেন।
চেলসিতে ১৩ বছরের জীবনে ক্লাবের সর্বোচ্চ গোল দাতার রেকর্ডটি নিজের করে নেয়া ল্যাম্পার্ড তিনবার প্রিমিয়ার লীগ শিরোপা এবং ২০১২ চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করেন। এছাড়াও ২০১৩ সালের ইউরোপা লীগ ও চারবার এফএ কাপ জয় করেন। তারকা এ মিডফিল্ডার রয় হজসনের ২৩ সদস্যের বিশ্বকাপ দলেও ছিলেন। তবে কেবলমাত্র কোস্টারিকার বিরুদ্ধে ড্র হওয়া এক ম্যাচেই খেলেছেন।
ওয়েস্টহ্যামের সাবেক এ তারকা এর আগে বলেছিলেন, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি কয়েক সপ্তাহ সময় নেবেন। —বাসস
