আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা এ সপ্তাহেই নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। শুধুমাত্র শতভাগ দিতে পারলেই জাতীয় দলের সাথে থাকার ইঙ্গিত দিয়েছেন ৫৯ বছর বয়সী এই কোচ। একইসাথে তিনি বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখানোর জন্য লিওনেল মেসিকে ধন্যবাদ জানিয়েছেন।
কোচ সাবেলার অধীনে আর্জেন্টিনা ২৪ বছর পরে বিশ্বকাপের ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত জার্মানদের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ হতে হয় তাদের। তবে বিশ্বকাপের পরে এই প্রথম সাবেলা জানালেন আসন্ন দিনগুলোতেও তিনি জাতীয় দলের সাথে থাকতে চান। কিন্তু সবকিছুই নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার ওপর।
সাবেলা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘সবার আগে আমি বলতে চাই আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ) কি ভাবছে সে সম্পর্কে আমার কোন কিছুই জানা নেই। এই মুহূর্তে আমি কিছুদিন বিশ্রাম নিতে চাচ্ছি। তবে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিষয়টি নিয়ে আমি বেশীদিন দেরী করতে চাচ্ছি না। এই সপ্তাহের মধ্যেই আমি এএফএ প্রেসিডেন্ট জুলিও গ্রন্ডনার সাথে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি। তবে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছি শুধুমাত্র শতভাগ দিতে পারলেই আমি এই পদে থাকবো।’
বিশ্বকাপে অসাধারণ অবদানের জন্য অধিনায়ক মেসির প্রশংসা করেছেন কোচ। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বল পেয়ে ফাইনালে পরাজয়ের হতাশা কিছুটা হলেও লাঘব করতে পেরেছেন মেসি। সাবেলা বলেন, আমার দল যা করেছে তার ভাল উদাহরণ মেসি। সে নিজের আগে দল নিয়ে বেশি চিন্তা করে। বিশ্ব আসরের সেরার মর্যাদা লাভে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরুতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই তার পারফরমেন্সের প্রশংসা করতে হবে। বাসস
