পাটের আগাম লাভজনক মূল্য ঘোষণার দাবিতে জাতীয় কৃষক জোট মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে পাটের আগাম লাভজনক মূল্য ঘোষণা করে পাট ও পাট চাষীদের স্বার্থ রক্ষার জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারি পাটকলগুলোর ক্রয়কেন্দে পাট চাষীদের কাছ থেকে পাট ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাটক্রয়ের জন্য মৌসুম শুরুর আগেই পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং কি পরিমাণ পাট সরকার কিনবে তা নির্ধারণ করা অপরিহার্য।
কৃষক জোট আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নাজমুল হক প্রধান এমপি। ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম বাবু, নইমুল আহসান জুয়েল, আজিজুর রহমান, নূরুল আমিন কাওসার, কামরুজ্জামান ফসি, রতন সরকার, রুস্তম আলী, সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন খান, ইমরান আল-আমিন প্রমুখ।
