ভেজাল ইয়াবা তৈরির হোতাসহ গ্রেফতার ৪

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৪৬
রাজধানীতে এবার ভেজাল ইয়াবাসহ চারজন গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৩ শ’ পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল, সরঞ্জাম ও যন্ত্রপাতি। শুক্রবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম যাত্রাবাড়ী বাঁশপট্টি গলির একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আলী আকবর, সোহেল, রুবেল ও আব্দুর রাজ্জাক। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি জানান, ভেজাল ইয়াবা তৈরির মূল হোতা স্নাতকোত্তর ডিগ্রিধারী আলী আকবর। তিনি এক সময় একটি ফার্মাসিউটিক্যালেস কেমিস্ট হিসেবে চাকরি করতেন। কিন্তু ওই প্রতিষ্ঠানেও ভেজাল ওষুধ তৈরির সিন্ডিকেটে যুক্ত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করে ফৌজদারী মামলা দিয়ে জেলে পাঠানো হয়। প্রায় দুই বছর কারাবাসের পর মুক্ত হয়ে আবারও কতিপয় অসাধু মাদক ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট তৈরি করে। আর ওষুধ কোম্পানির কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ বাসায় ইয়াবা ট্যাবলেট তৈরির বিভিন্ন কাঁচামাল, সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ করে ভেজাল ইয়াবা ট্যাবলেট তৈরি করে। তা রাজ্জাক ও মোঃ রুবেল হোসেনের মাধ্যমে বাজারজাত করে আসছে। আকবরের তৈরিকৃত ইয়াবা দেখতে আসল ইয়াবার মত এবং একই রকম গন্ধযুক্ত হওয়ায় খুব সহজেই আসল ইয়াবা বলে বিক্রি করে। এভাবে তারা আসল ইয়াবার পাশাপাশি নকল ও ভেজাল ইয়াবার রমরমা ব্যবসা করে লাখ লাখ টাকা আয় করে আসছিল। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে।