জানুয়ারিতেই বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৪৯
এমন একটা পরিকল্পনা শেন জার্গুনসেনও করেছিলেন। তিনি চেয়েছিলেন আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে অন্তত দিন পনেরো যেন বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ পায়। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে, বিশ্বকাপের ১৮ দিন আগে অস্ট্রেলিয়ায় রওনা হয়ে যাবে বাংলাদেশ দল। সেখানে আইসিসির নির্ধারিত প্রস্তুতি ম্যাচের বাইরে নিজেদের চেষ্টাতেই অন্তত দুটি অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থাও তারা করে ফেলেছে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে স্বাগতিকদের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। খেলা হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। ১৪ দলের এই টুর্নামেন্ট গত কয়েকটি বিশ্বকাপের থেকে একেবারেই ভিন্ন হতে যাচ্ছে মূলত কন্ডিশনের কারণে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পেস সহায়ক, মুভমেন্ট ও গতি সমৃদ্ধ উইকেটের কারণে উপমহাদেশের দলগুলোর পক্ষে এখানে মানিয়ে নেয়া কঠিন কাজ হবে। সেই কঠিন চ্যালেঞ্জে মানিয়ে নিতেই এই উদ্যোগ। গতকাল জানা গেল এই কন্ডিশনে খাপ খাইয়ে নিতে জাতীয় দল ২৬ জানুয়ারি দেশ ত্যাগ করবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। ব্রিসবেনে বাংলাদেশ বেসক্যাম্প করে সেখানেই চালাবে অনুশীলন। গ্রুপ পর্বে এই ব্রিসবেনে বাংলাদেশের একটি ম্যাচ আছে। এ ছাড়া গ্রুপ পর্বের ৬টি ম্যাচের ৪টিই খেলবে বাংলাদেশ অস্ট্রেলিয়ায়; বাকী দুটি নিউজিল্যান্ডে। এই বেসক্যাম্পে থাকা অবস্থায় অ্যালান বোর্ডার ক্রিকেট অ্যাকাডেমিতে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে একাধিক অনুশীলন ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আর ৬ ফেব্রুয়ারির পর থেকে শুরু হবে বাংলাদেশের আইসিসি নির্ধারিত অনুশীলন ম্যাচ। বাড়তি এই অনুশীলন ম্যাচের প্রসঙ্গে জালাল ইউনুস বলছিলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে, আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেট একাদশের বিপক্ষে এই দু’ সপ্তাহে দুটি অনুশীলন ম্যাচ খেলবো। আমরা আমাদের নিজস্ব বিভিন্ন যোগাযোগ স্থাপন করে আরো একাধিক ম্যাচ আয়োজনের চেষ্টা করছি।’