টি-২০ ব্লাস্টে ফিরে সফল হওয়ায় ল্যাংকাশায়ারের হয়ে ৫০ ওভারের ক্রিকেটেও ফিরতে পারেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ। ইনজুরির কারণে ২০১০ সালে ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন ৩৬ বছর বয়সী এ তারকা খেলোয়াড়। তবে কাউন্টি ক্লাবটির হয়ে পুনরায় খেলায় ফিরে দুইটি টি-২০ ম্যাচে ২ উইকেট শিকার করা ফ্লিনটফ বড় দৈর্ঘ্যের খেলায় ফিরতে চান না।
বিবিসি রেডিও ল্যাংকাশায়ারকে ফ্লিনটফ বলেন, ‘আমি এই ফরম্যাটে খেলছি, যা আমি কখনোই ভাবিনি এবং ভাগ্যকে আমি ঠেলে দিতে চাই না।’
টি-২০ খেলার জন্য গত মে মাসে ল্যাংকাশায়ারের সঙ্গে চুক্তি করেন ফ্লিনটফ। কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় ফিরতে তাকে ১৬ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পাঁচ বছর পর মাঠে ফিরে উরস্টারশায়ারের বিপক্ষে ৫০ রানে জয় পাওয়া ম্যাচে ৩৬ রানে ২ উইকেট শিকার করেন তিনি।
পাঁচ দিন আগে লিস্টারশায়ারের বিপক্ষে ব্যাট হাতে ফ্লিনটফ মাত্র ১ রান করলেও পরের ম্যাচে তার ৩৬ রানে ২ উইকেট শিকারের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ল্যাংকাশায়ার।
ইংল্যান্ডের হয়ে ৭৯ টেস্ট ও ১৪১ ওয়ানডে খেলা ফ্লিনটফ বলেন, ‘ল্যাংকাশায়ারের ক্রিকেট ডিরেক্টর মাইক ওয়াটকিনসন জানতে চেয়েছেন খেলব কি-না। খেলতে পারলে ভালোই হতো, কিন্তু আমি মাত্র চার ওভার বোলিং করতে পারছি এবং টি-২০ স্টাফদের সঙ্গটা আমি বেশ উপভোগ করছি। মিডিয়াসহ আমাকে অন্য কিছুতেও প্রতিশ্রুতি পালন করতে হয়। আমার ক্যারিয়ারে সেগুলো এক পাশে রাখতে চাই, কারণ এগুলো আমি উপভোগ করছি।’ বাসস
