গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৫৫
গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের নেত্রকোনা\ গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে গতকাল শনিবার জেলা সদরের পুরাতন কালেক্টরেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নেত্রকোনার সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, আইনজীবী, ব্যবসায়ীসহ সমাজের নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি রফিকুল ইসলাম আপেল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহ্বায়ক আনোয়ার হোসেন, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এম মুখলেছুর রহমান খান, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু ও শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ এমরান প্রমুখ। কুড়িগ্রাম\ ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যা বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। শনিবার কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বর্বরোচিত এই গণহত্যার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক তপন কুমার রুদ্রের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উদীচীর সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সংগীতজ্ঞ বাদল আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমুখ। গফরগাঁও (ময়মনসিংহ)\ ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শনিবার উপজেলা উলামা সমিতির উদ্যোগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান সালমানী, হাফেজ নূরুল ইসলাম, ইউসুফ ইবনে মুনির প্রমুখ। শ্রীপুর (গাজীপুর) \ গাজায় ইসরাইলী হামলায় নির্বিচারে মুসলিম হত্যাযজ্ঞের প্রতিবাদে নবদিগন্ত পরিষদের উদ্যোগে শনিবার শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে নবদিগন্ত পরিষদের সভাপতি মাহমুদুল হাসান সজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্যারিষ্টার ফজলুল করিম মন্ডল জুয়েল, খায়রুল কবির মন্ডল আজাদ, মাসুদ রানা, শারফুল ইসলাম, ওমর ফারুক, খোরশেদ আলম, কাওসার আহম্মেদ, আসাদুজ্জামান বিপু প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার)\ ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভায় মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট পুলিশী রাষ্ট্র ইসরাইল কর্তৃক আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনে মুসলিম নারী—শিশু সহ বেসামরিক নাগরিকের উপর গণহত্যা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শমশেরনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সভায় এ প্রতিবাদ জানানো হয়। মান্দা (নওগাঁ)\ নওগাঁর মান্দায় শুক্রবার ফিলিস্তিনের গাজায় বর্বর ইয়াহুদী ইসরাইলের হামলার প্রতিবাদে মান্দা উপজেলার তৌহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম, আবু শিহাব,আমিনুল ইসলাম। গৌরনদী (বরিশাল) \ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল শনিবার বাদ যোহর বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুল বাতেন নোমানের সভাপতিত্বে সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী থানা জামে মসজিদের প্রধান খতিব ও গৌরনদী উপজেলা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ক্বারী আব্দুল আজিজ পীর সাহেব। ব্রাহ্মণবাড়িয়া \ ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বর্বরোচিত হামলা হত্যাযজ্ঞের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাট\ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বাগেরহাটের ওলামা মাশায়েক পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার যোহরের নামাজের পর মিছিলটি পুরাতন কোট মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। পিরোজপুর অফিস\ ফিলিস্তিনের গাজায় ইসরাইলী ইহুদীদের বর্বর বোমা হামলায় নারী ও শিশু হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার শহরের ক্লাব রোডে জেলা মানবাধিকার কমিশন ও জেলা মহিলা পরিষদের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে ইসরাইলীদের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন মনিকা মন্ডল, প্রতুল ব্রহ্ম, মাহমুদ হোসেন শুকুর, শহিদুল্লাহ খান, জিয়াউল আহসান, জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, মাইনুল আহসান মুন্ন্া, খালিদ আবু, একে আজাদ, শিরিনা আফরোজ প্রমুখ। নারায়ণগঞ্জ\ বাংলাদেশে প্রচলিত ইসরাইল ও ইহুদীদের তৈরি পণ্য বর্জন করার আহবান এবং তাদের তৈরি পণ্য বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সদস্য সচিব আল্লামা জুনায়েদ আল হাবিব। শনিবার যোহর নামাজ শেষে শহরের ডিআইটি মসজিদের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলায় নারী-পুরুষ ও শিশু হত্যার প্রতিবাদে জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। হাটহাজারী (চট্টগ্রাম) \ গাজায় মুসলিম জনতার উপর ইসরাইলীদের বর্বর হামলায় ব্যাপক হত্যা যজ্ঞের প্রতিবাদে শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ \ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত হামলা এবং নিরীহ শিশু ও নারীসহ শত শত মানুষ হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা। গতকাল শনিবার গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন ধর্মাবলম্বীরা অংশ নেয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে কলেজের ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।