সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের বারবার তাগিদ সত্বেও হলমার্কের সংশ্লিষ্ট মেয়াদোত্তীর্ণ বিলের অর্থ পরিশোধ করছে না সোনালী ব্যাংক। পরে এবিষয়ে বাংলাদেশ ব্যাংক সুনির্দিষ্ট নির্দেশনা দিলেও তা আমলে নেয়নি রাষ্ট্রায়ত্ত্ব ওই ব্যাংক। এতে দেশের ৪১ টি ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে। তাই আজ বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় আবারও বিষয়টি গুরুত্বসহকারে উত্থাপন করবেন সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহীরা।
সূত্রমতে, হলমার্ক কেলেঙ্কারীর পর থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো বারবার তাগিদ দেয়া সত্বেও মেয়াদোত্তীর্ণ বিলের অর্থ পরিশোধ করছিল না সোনালী ব্যাংক। বিষয়টি গত এপ্রিল মাসের ব্যাংকার্স সভায় উত্থাপিত হয়। পরে গভর্নর ড. আতিউর রহমান সোনালী ব্যাংককে হলমার্ক সংশ্লিষ্ট পরিশোধনযোগ্য বিল এক মাসের মধ্যে নিষ্পন্ন করার নির্দেশ দেন। তবে এখন পর্যন্ত সে নির্দেশনা কার্যকর হয়নি। আজ ব্যাংকার্স সভায় বিষয়টি আবারো জোরালোভাবে জানাবে পাওনাদার ব্যাংকের প্রধান নির্বাহীরা।
