বিশ্বসুন্দরীর খেতাব, বলিউডের এক নম্বর আসন, জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মুখ, নিজের গান রিলিজ—এত সব খবরে এ তারকার সাফল্যের উচ্চতা বোঝা যায়। আজ ৩২ পূর্ণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ভার্সেটাইল অভিনেত্রী হয়তো তিনিই। ‘অগ্নিপথ’, ‘গুন্ডে’র মতো একেবারেই বলিউডি মশালা ছবির পাশাপাশি ‘ফ্যাশন’, ‘সাত খুন মাফ’-এর মতো ছবি করার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। ‘বরফি’ ছবির ঝাঁকড়া চুলের অটিস্টিক ঝিলমিল বা দৃঢ় প্রত্যয়ী মেরি কমের চরিত্র দিয়ে প্রিয়াঙ্কা বারবারই প্রমাণ করছেন কেন তিনিই সেরা। মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে ‘দ্য হিরো :লাভ স্টোরি অব আ স্পাই’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। আর এক দশক পর আজ তিনি বলিউডের দেশি গার্ল। সকলের আদরের পিগি চপস।
তবে দর্শকদের জন্য মজার তথ্য হলো মেরি কমের রিলিজের সাথে সাথে ৩২ বছর বয়সী এই যুবতী এবারে প্রযোজক হিসেবে নিজের নাম ঘোষণা করতে যাচ্ছেন। দেখা যাক অভিনয়, গানের পর প্রযোজক হিসেব তার সাফল্য কতটা আসে।
