আজ মহাকবি কায়কোবাদের মৃত্যুবার্ষিকী

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৩৯
কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি। মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনি। কি মধুর আযানের ধ্বনি।’ সেই অমর ‘আযান’ কবিতার রচয়িতা মহাকবি কায়কোবাদের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি স্মরণ করতে কবির গ্রাম আগলা পূর্বপাড়ার মসজিদে দিনব্যাপী কুরআন তেলাওয়াত, ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করেছে মহাকবি কায়কোবাদ সাহিত্য সংঘ ও এলাকাবাসী। এছাড়া সংগঠনের উদ্যোগে বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হবে। ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জ জেলার আগলা পূর্বপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবির প্রথম কাব্যগ্রন্থ বিরহবিলাপ প্রকাশিত হয় ১৮৭০ সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থ কুসুম কানন প্রকাশিত হয় ১৮৭৩ সালে। এ দুটি কাব্যগ্রন্থ প্রকাশের পর পরই তিনি কবি হিসাবে সুপরিচিতি লাভ করেন। এবং প্রশংসা পেতে থাকেন। ১৯০৪ সালে প্রকাশিত হয় কবির অমর মহাকাব্যগ্রন্থ মহাশ্মশান, যা পানি পথের তৃতীয় যুদ্ধের ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত।