২০তম কমনওয়েলথ গেমস শুরু বুধবার

ক্রীড়ামোদীদের নজর বোল্ট, ফারাহ ও উইগিনসে

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৪০
পর্দা উঠছে কমনওয়েলথ গেমস-২০১৪ এর। আশা করা হচ্ছে অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট, মো. ফারাহ এবং ব্র্যাডলি উইগিনসের মতো হেভিওয়েট তারকারা ইনজুরির সমস্যাকে পেছনে ফেলে কমনওয়েলথ গেমসের সোনার পদক জয়ে জ্বলে উঠবেন। স্কটল্যান্ডে এটাই হতে যাচ্ছে বিভিন্ন ইভেন্টের সবচেয়ে বড় ক্রীড়া আসর যাতে ৭১ দেশের ৪৫০০ অ্যাথলিট ১৮টি ইভেন্টে অংশ নিবেন। ১১ দিনব্যাপী এই আসরে ২৬১টি পদকের ফয়সালা হবে। এর মধ্যেই আছে প্যারা-স্পোর্টসের পাঁচটি ইভেন্টের ২২টি স্বর্ণপদকও। বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ বুধবার গ্লাসগোর সেল্টিক পার্কে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সবচেয়ে বড় এই গেমসটির ২০তম আসরের উদ্বোধন করবেন। কমনওয়েলথ গেমসটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরই মাঠে গড়াবে খেলাগুলো। এর মধ্যেই সবার নজর থাকবে উসাইন বোল্টের দিকে যিনি ছয়টি অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপের আটটি স্বর্ণের সাথে কমনওয়েলথের স্বর্ণ পদকটিও শোকেসে ভরতে চাইবেন। ২৭ বছর বয়সী এই দ্রুতমানব ইনজুরির কারণে জ্যামাইকান চ্যাম্পিয়ন্সশিপে অংশ নিতে পারেননি। এ কারণে গ্লাসগোতে কেবল চার গুণীতক ১০০ মিটার রিলেতে অংশ নিচ্ছেন বোল্ট। জ্যামাইকার রিলে দলের হয়ে নিজের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি নিজের ওয়েবসাইটে লেখেন, ‘আমি স্কটল্যান্ডে আমার ভক্তদের কাছ থেকে অনেক অনুরোধ, আমন্ত্রণ এবং বার্তা পেয়েছি। তারা দুর্দান্ত একটি ইভেন্টের দিকে তাকিয়ে আছেন।’ পেটের ব্যথার কারণে গ্লাসগোয় অনুষ্ঠিত ডায়মন্ড লিগে অংশ নিতে পারেননি ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন মো. ফারাহ। তবে কমনওয়েলথ গেমসে পাঁচ হাজার এবং দশ হাজার মিটারের ইভেন্টেই স্বর্ণ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তবে ৮০০ মিটারে স্বর্ণ জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেভারিট ভাবা হচ্ছে কেনিয়ার ডেভিড রুডিশাকে। ইনজুরি থেকে ফিরে হ্যাম্পডেনের ডায়মন্ড লিগে বছরের সবচেয়ে দ্রুততম সময়ে দৌড়িয়েছেন তিনি। দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি-অ্যান ফ্রেসার-প্রাইসও শুধু চার গুণীতক ১০০ মিটার রিলেতে দৌড়াবেন। ফলে মেয়েদের ১০০ মিটারের দৌড়ে চলতি বছরে এখনো পর্যন্ত অপরাজিত থাকা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মিশেল-লি অ্যাহয়ে জোর ফেবারিট। প্রথম বাচ্চা হওয়ার কারণে কমনওয়েলথ গেমসে আসেননি জেসিকা ইনিস। এ ক্ষেত্রে তার স্বদেশী ইংলিশ হ্যাপটাথলেট ক্যাটরিনা জনসন-থমসন আন্তর্জাতিক অঙ্গনে সিনিয়র পর্যায়ের কোনো ইভেন্টে প্রথমবারের মতো পদক জয়ের সম্ভাবনার মধ্যে আছেন। সাইক্লিং ট্র্যাকে নজর থাকছে ব্র্যাডলি উইগিনসের দিকে। ট্যুর ডি ফ্রান্সে অংশগ্রহণের পরিবর্তে এই সাইক্লিস্ট স্যার ক্রিস হয় ভেলোড্রোমে (সাইক্লিং ট্র্যাকের ভেন্যু) চার হাজার মিটারের দলগত ইভেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন। ছয় বছর আগে অ্যাথেন্সে অলিম্পিকে স্বর্ণ জয়ের পর প্রথম ট্র্যাকে ফিরছেন তিনি। কমনওয়েলথ গেমস দু’বছর পর অনুষ্ঠেয় রিও অলিম্পিকের জন্য নিজের প্রস্তুতির ক্ষেত্র হতে পারে উইগিনসের জন্য। রিও অলিম্পিকে অংশ নিয়ে ছয়টি অলিম্পিক পদক পূর্ণ করার লক্ষ্য তার। ইংল্যান্ড দলে তার সহযোগী অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাসন কেনি, লরা ট্রট এবং জোয়ান্না রোসেলও ইংল্যান্ড দলের লাইন-আপে রয়েছেন। আনা মেয়ারস চার বছর আগে নয়াদিল্লি আসরে জেতা তিনটি কমনওয়েলথ গেমস সাইক্লিং স্বর্ণ ধরে রাখতে চান। গ্লাসগোতে আরো দুটি পদক জিতলে কমনওয়েলথ গেমসে মেয়েদের সাইক্লিংয়ে সর্বকালের সেরা অস্ট্রেলিয়ার ক্যাথে ওয়াটকে টপকে যাবেন তিনি। চারটি স্বর্ণ পদক জেতা ওয়াট কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত সবচেয়ে সফল। এদিকে সাঁতারে আধিপত্য ধরে রাখতে চায় অস্ট্রেলিয়া। ১০০ মিটার ফ্রি স্টাইলে বিশ্ব চ্যাম্পিয়ন জেমস ম্যাগনুসেন এবং ক্যাট ক্যাম্পবেল উভয়েই অংশ নিচ্ছেন বলেই অজিরা আত্মবিশ্বাসী। টোলক্রস পার্ক অ্যাকোয়াটিকস সেন্টারে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করবেন অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন ছাদ লি ক্লস এবং ক্যামেরন ফন দার বুর্গ। স্বাগতিক স্কটল্যান্ডের প্রত্যাশা থাকছে অলিম্পিকে সিলভার জয়ী মিশেল জ্যামিয়েসনকে ঘিরে। গ্লাসগোয় জন্ম নেয়া ২৫ বছর বয়সী এ সাঁতারু ২০০ মিটারে ব্রেস্টস্ট্রোক সাঁতারে স্বর্ণ জয়ের লক্ষ্যে সাতরাবেন। ডাইভিং ইভেন্ট অনুষ্ঠিত হবে এডিনবার্গের রয়্যাল কমনওয়েলথ পুলে। এর আগে ১৯৭০ এবং ১৯৮৬ সালের আসরেও এই ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছিল। ডাইভিংয়ে এবার নজর থাকছে ইংল্যান্ডের টম ড্যালের দিকে। সেভেন সাইড রাগবির জন্য প্রস্তুত গ্লাসগোর ইব্রক্স স্টেডিয়াম। ২৬ এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। বিশ্বের সেরা আটটি রাগবি দলের সাতটি দলই খেলবে এই ইভেন্টে অংশগ্রহণ করবে। কিন্তু নিষেধাজ্ঞা থাকায় কমনওয়েলথ গেমসে দু’বার রৌপ্যজয়ী ফিজি রাগবি দল এবার অংশগ্রহণ করতে পারছে না। এএফপি